২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-জামাত জোট জনগণের সম্পদ লুটের টাকায় আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত জোট জনগণের অর্থ সম্পদ লুটের টাকা দিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 10:06 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মঙ্গলবার বিকেলে সাভারের বসুন্ধরা ময়দানে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ লুটেরা, খুনি, সন্ত্রাসী জোটকে আর কোনো দিন ভোট দেবে না। ওরা আবার ক্ষমতায় আসলে দেশের সবই লুট করবে।

সম্প্রতি বিধ্বস্ত স্পেকট্রাম গার্মেন্টস’র নিহত ও আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে জাতীয় শ্রমিক লীগ এ সমাবেশের আয়োজন করে।

ঘোষিত বাজেটকে গণস্বার্থ বিরোধী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, লুটপাটের টাকা জায়েজ করতেই সরকার বাজেটে কালো টাকা সাদা করার বিধান করেছে।

স্পেকট্রাম গার্মেন্টস ট্রাজেডির কথা উল্লেখ করে তিনি বলেন, এ সরকার নিহতদের লাশটি পর্যন্ত পরিবারের সদস্যদের নিতে দেয়নি। চরম অরাজকতা চলছে দেশে। ওরা শুধু লুটপাট আর বিনা বিচারে মানুষ হত্যা করতেই ব্যস্ত।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসেছে শুধু লুটপাট ও মানুষের রক্ত চুষে খেতে। দেশের মানুষকে লাশ উপহার দিতেই তারা ক্ষমতায় আসে।

তিনি বলেন, দেশে যে আদৌ কোনো সরকার আছে তা বোঝা যায়না। বিরোধী দলকে অত্যাচার নির্যাতন আর অন্যের ঘর ভাঙ্গার সময়ই শুধু বোঝা যায়, সরকার আছে।

বিরোধী দলীয় নেতা বলেন, এ সরকার শ্রমিকসহ সাধারণ মানুষের স্বার্থে কোনো কিছুই করবে না। তাই সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। স্পেকট্রাম গার্মেন্টস ট্রাজেডির ক্ষতিগ্রস্তদের জন্যে একটি সমন্বিত ট্রাস্ট ফান্ড গঠনের জন্যে তিনি বিজিএমইএ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানান।

শেখ হাসিনা বলেন, সরকারের দুর্নীতির জন্যে দেশের অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসে হাজার হাজার শিল্প কল কারখানা বন্ধ করে দিয়েছে। এক কোটি কৃষক তাদের পাটের বাজার হারিয়েছে। বেকার হয়েছে প্রচুর সংখ্যক শ্রমিক। হাজার হাজার পরিবার হয়ে পড়েছে অসহায় । অন্যদিকে সরকারি দল দুহাতে জনগণের অর্থ সম্পদ লুট করছে। প্রধানমন্ত্রী ও তার পরিবার গত তিন বছরে আড়াইশ থেকে তিনশ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। পাই পাই করে এ টাকার হিসেব নেবে বাংলার মানুষ।

শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামীতে আমরা ক্ষমতায় গেলে ১২ লাখ গার্মেন্টস শ্রমিকের জন্যে কল্যাণ তহবিল গঠন করে শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করবো। শ্রমিকদের ন্যয্য মজুরির ব্যবস্থা এবং মহিলা ডে কেয়ার সেন্টার করবো।

গত বছরের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশসহ বিভিন্ন স্থানে সংঘটিত গ্রেনেড ও বোমা হামলা এবং সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া ও আহসানউল্যাহ্ মাস্টার হত্যার কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, অপরাধীরা সব প্রধানমন্ত্রীর সঙ্গেই রয়েছেন। ওই সকল ঘটনার সঙ্গে সরকার স্বয়ং জড়িত বলে সুষ্ঠু তদন্ত ও বিচার হচ্ছে না।

আওয়ামী লীগকে ধ্বংস ও নেতা কর্মীদের একের পর হত্যার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কাসিম বাজার কুঠি’র ষড়যন্ত্রকারিদের বিচার করতে হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জোট দুঃশাসন থেকে দেশ জাতিকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম এগিয়ে নিতে হবে। আর আমরা লাশ টানতে চাই না। খুনি অত্যাচারি লুটেরা জোট সরকারকে বিদায় করতে হবে।

শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের, অ্যাডভোকেট রহমত আলী, রায় রমেশ চন্দ্র, হাবিবুর রহমান সিরাজ, বেনজির আহমেদ, মাহবুবুর রহমান, হাসিনাদ্দৌলা, মুরাদ জং, রওশন জাহান সাথী ও নাজমা আক্তার।