২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দ্বন্দ্ব, সুশাসনের অভাব, দূর্নীতি এবং চরমপন্থী কার্যক্রম বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ

রাজনৈতিক দ্বন্দ্ব, সুশাসনের অভাব, দূর্নীতি এবং চরমপন্থী কার্যক্রম বাংলাদেশের জন্য বড় হুমকি বলে মনে করলেও একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার প্রয়োজনীয় সব সম্ভাবনা দেশটির রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 04:13 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সফল বাংলাদেশ গড়ে তোলার সব সম্ভাবনা রয়েছে বলে আমরা বিশ্বাস করি এবং এ প্রচেষ্টাকে আমরা সমর্থন করি।’

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসভায় মঙ্গলবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক আন্তর্জাতিক সম্পর্ক উপকমিটির এক সভায় বাংলাদেশ প্রসঙ্গে রোকা বলেন, ‘দুঃখজনকভাবে রাজনৈতিক দ্বন্দ্ব, সুশাসনের অভাব, দূর্নীতি এবং চরমপন্থী তৎপরতা দেশটির গণতান্ত্রিক স্থিতাবস্থাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সেইসাথে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে যাচ্ছে। বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

বুশের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপকমিটিতে এটিই রোকার প্রথম বৈঠক।

বুধবার বিডিনিউজকে দেয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়াশিংটন ফাইল সূত্রে জানা যায়, গত চার বছরে বৈদেশিক বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্জন ও এ ব্যাপারে মার্কিন ভবিষ্যত লক্ষ্যই ছিল এই বৈঠকের মূল আলোচ্য বিষয়।

রোকা তার বক্তব্যে দূর্নীতি দমন কমিশন গঠনের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করলেও তা দমনে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দূর্নীতিগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণই ভবিষ্যতে বাংলাদেশকে দূর্নীতিমুক্ত করতে পারবে।

যুক্তরাষ্ট্র দূর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চরমপন্থীদের প্রতিহত করা, গণতন্ত্র ও মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে তাগিদ দিয়েছে বলে সভায় রোকা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ২০০৬-০৭ সালে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের পূর্ণ অংশগ্রহণকে উৎসাহিত করে এবং ওই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার উপর গুরুত্বারোপ করে।

তিনি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সবচে বেশি সৈন্য নিয়োজিত রাখার প্রশংসা করেন। তবে বাংলাদেশের ব্যাপক দারিদ্র, শিক্ষার অভাব, দূর্নীতি, অরক্ষিত সীমান্ত এবং নির্বাচিত সরকারের ওপর জনগণের অনাস্থাই দেশটিতে জঙ্গি তৎপরতার দিকে আকর্ষন বাড়ার ঝুঁকি সৃষ্টি করছে। চরমপন্থী দলগুলো বেশ খোলামেলা ভাবে কার্যক্রম চালাচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

গত ফেব্রুয়ারীতে সরকার দুটি জঙ্গি গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সরকারকে সতর্ক করেছে বলে রোকা জানান। ঢাকার সাথে ওয়াশিংটনের মানবাধিকার নিয়ে নিয়মিত আলোচনার কথা উল্লেখ করে রোকা বলেন, আহমদিয়া সম্প্রদায়ের অধিকার রক্ষায় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রশংসা করি। যদিও ওই সম্প্রদায়ের উপাসনালয়ের উপর উপর্যুপরি আক্রমনের প্রেক্ষিতে সরকারের আরও জোরালো ভূমিকার প্রয়োজন ছিল বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা ও র‌্যাবের তথাকথিত ক্রস-ফায়ারের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা তিনি পুনরুল্লেখ করেন। বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে রোকা বলেন, বাংলাদেশের জিডিপি হার

সন্তোষজনক। ৫ শতাংশের বেশি হলেও এই হার আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।

একটি সফল ভবিষ্যৎ গড়তে বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মসূচীও রয়েছে বলে তিনি জানান। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানোর বিভিন্ন পরিকল্পনা তাদের রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মত বিভিন্ন সুশীল সমাজ সংগঠনের কার্যক্রমকে তারা সমর্থন করেন।