আমি কোনোদিন দল ত্যাগ করবো না: প্রবীণ রাজনীতিক নাজমুল হাসান জাহেদ এমপি
হবিগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ প্রবীণ রাজনীতিক নাজমুল হাসান জাহেদ বলেছেন, তিনি কোনোদিনই দলত্যাগ করবেন না।
বুধবার দুপুরে তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে সাক্ষাত করেন। এরপর তিনি বিডিনিউজকে বলেন, আওয়ামী লীগেই আমার জন্ম। এ দলেই মৃত্যু হবে আমার। আমার রক্তে মিশে আছে আওয়ামী লীগ। আমার দল ত্যাগের প্রশ্নই আসে না। আর বৃদ্ধ বয়সে কিসের দলত্যাগ? দলবদলে নেই আমি।
এদিকে, মঙ্গলবার সদস্যপদ টিকিয়ে রাখতে হঠাৎ করেই তিনি জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করে স্বাক্ষর করে আসেন। বিএনপির বেশ ক’জন নেতার সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি। এ ঘটনার পর তাকে নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়।
পরে বিডিনিউজ’র প্রশ্নের উত্তরে সাংসদ জাহেদ বলেন, নেত্রী আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন। তিনি বলেই রেখেছেন, কোনো আসন খালি করা যাবে না। সদস্যপদ ধরে রাখার জন্যে স্বাক্ষর করতে যাওয়ার প্রয়োজন হলে যে কোনো সময়ই সংসদে গিয়ে তা করা যাবে।
শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ১৮ জুন ইউরোপ সফরে যাচ্ছেন বলেও জানান তিনি।
