টাকা পাচারের মামলায় বিদিশা জামিন পাননি
গুলশান থানায় পুলিশের দায়েরকৃত বিদেশে টাকা পাচারের মামলায় শনিবার জামিন পাননি বিদিশা। মূখ্য মহানগর হাকিম আবদুর রউফ খান উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিদিশার পক্ষে জামিনের আবেদন নামঞ্জুর করেন।
মানি লণ্ডারিং আইনের ১৩ ধারায় মামলায় বিদিশার পক্ষের আইনজীবীরা এ জামিন আবেদন করেন।
বিদিশার আইনজীবী জহিরুল ইসলাম , গাজী সাজাওয়ার হোসেন, শফিউদ্দিন ভুইয়া ও কামরুজ্জামান মাহবুব জামিন শুনানিতে বলেন, বিদিশার দুগ্ধপোষ্য শিশুকে তার কোল থেকে কেড়ে নেওয়ার পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।
তারা আরও বলেন, এ মামলার সমর্থনে টাকা পাচারের কাগজপত্র উদ্ধার করা হয়েছে স্বয়ং এরশাদের ‘প্রেসিডেন্ট পার্ক’ বাড়ি থেকে। কাগজপত্র যখন উদ্ধার করা হয় এবং মামলা দায়ের করা হয় বিদিশা তখন হাসপাতালের প্রিজন সেলে আটক ছিল। বাসায় ছিল না। অতএব এ মামলায় তাকে আসামি করার সুযোগ নেই। আইনজীবীরা অভিযোগ করেন, নিজেকে বাঁচানোর জন্যে এরশাদ বিদিশার বিরুদ্ধে এই সব মিথ্যা মামলা দায়ের করতে সরকারকে সাহায্য করেছে।
তারা আরও বলেন, মানি লন্ডারিং আইনে এরশাদের বিরুদ্ধে মামলা মামলা হওয়ার কথা ছিল। অথচ মামলা হয়েছে বিদিশার বিরুদ্ধে।
সরকারের পক্ষে সাব ইন্সপেক্টর ছাইরুল ইসলাম জামিনের বিরোধিতা করে বলেন, ২১ কোটি টাকা পাচারের এই মামলাটি এখন তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ মামলার বিষয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্যে ২০ জুন তারিখ ধার্য আছে। তদুপরি মামলাটির ধারা জামিন অযোগ্য।
মানি লন্ডারিং আইনের ১৩ ধারা অনুযায়ী এ মামলায় সর্বনিম্ন সাজা ছয় মাস এবং সর্বোচ্চ সাত বছর সশ্রম কারাদন্ড। এছাড়া অভিযোগে উল্লেখিত টাকার পরিমানের ভিত্তিতে জরিমানা নির্ধারণ করা হয়।
