২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ ও ভারতের দায়িত্বে নয়াদিল্লিতে নিযুক্ত নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত গ্রিম ওয়াটারস্ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সুধাসদনে বিকেল ৫ টা থেকে এক ঘন্টার এ বৈঠকে দ্বি পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও বাংলাদেশের সার্বিক রাজনৈতিক, আইন শৃংখলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।

তবে বৈঠক শেষে গ্রিম ওয়াটারস্ অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি।

তিনি জানান, ১৯৮৮ সালে আমি দিল্লিতে ডেপুটি হাই কমিশনার থাকাকালে তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়েছিল। আজ (মঙ্গলবার) আমি সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করলাম।

সাবের হোসেন চৌধুরী পরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশে যে আইনের শাসন নেই, বিনা বিচারে মানুষ হত্যা এবং ব্যাপক হারে দলীয়করণ ও দুর্নীতি চলছে, সরকার বিরোধী দমন করতে গিয়ে হিংস্র পথ বেছে নিচ্ছে- এসকল বিষয় নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের যৌক্তিকতাগুলো তার সামনে তুলে ধরা হয়েছে। বৈঠকে আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহ, সাবের হোসেন চৌধুরী ও সৈয়দ আবুল হোসেন উপস্থিত ছিলেন।