২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি মেয়র ২ জুন সিটি গভর্নমেন্টের রূপরেখা সরকারের কাছে পেশ করবেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নব নির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী ২ জুন সিটি গভর্নমেন্টের রূপরেখা আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে পেশ করবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সিটি কর্পোরেশনে তৃতীয় বারের মত নির্বাচিত মেয়র মহিউদ্দীন চৌধুরী ২ জুন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে শপথ গ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ শেষে মহিউদ্দীন চৌধুরী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার কাছে চট্টগ্রাম সিটি গভর্নমেন্টের রূপরেখা পেশ করবেন।

এ প্রসঙ্গে মহিউদ্দীন চৌধুরী বিডিনিউজকে জানান, সিটি গভর্নমেন্ট ছাড়া প্রকৃত নাগরিক সুবিধা নিশ্চিত করা যাবে না। নাগরিক কমিটি প্রণীত খসড়া রূপরেখার আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। সরকার সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠায় নীতিগত ভাবে সম্মত হলে এ রূপরেখার পরিবর্তন ও সংশোধন করা যাবে।

নাগরিক কমিটি সূত্র জানিয়েছে, জাপানের মডেলে সিটি গভর্নমেন্টের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। জাপানে ১০ লাখের বেশি মানুষ এ ধরণের সিটি গভর্নমেন্টের আওতায় রয়েছে। বর্তমান জাপানের ১২টি শহরে সিটি গভর্নমেন্ট কাজ করছে। চট্টগ্রাম শহরে বর্তমান ৪০ লাখ মানুষ বাস করে।

নাগরিক কমিটি প্রণীত রূপরেখায় মেয়র কার্যালয়ের অধীনে ১৩টি ব্যুরো ও ছয়টি সচিবালয় স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া জাতীয় সার্বভৌমত্ব সংশ্লিষ্ট বিষয়, বন সংরক্ষণ ও নদী ব্যবস্থাপনা, জাতীয় পরিকল্পনা ও জাতীয় সড়ক নেটওয়ার্কসহ মোট নয়টি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব করা হয়েছে।

অপরদিকে, বন্দর ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ও পানি সরবরাহ, বিদ্যুৎ, স্বাস্থ্য ও পুলিশ-এর মত বিষয়গুলো সিটি গভর্নমেন্টের অধীনে রাখার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবের ভূমিকায় বলা হয়েছে, সিটি গভর্নমেন্টের মাধ্যমে স্বায়ত্বশাসিত স্থানীয় সরকার পদ্ধতির পূর্ণাঙ্গ সুফল বয়ে আনবে।