জাতীয় ঐক্যের মাধ্যমে সামাদ আজাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হবে: শোকসভায় বক্তরা
সিলেটে শনিবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ স্মরণে আয়োজিত শোকসভায় বক্তরা বলেন, জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে সামাদ আজাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, যে মুহূর্তে সরকার একজন বিতর্কিত ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের পাঁয়তারা করছে, সে মুহূর্তে আমরা সামাদ আজাদের মত রাজনৈতিক নেতার প্রয়োজনীয়তা মর্মে মর্মে অনুভব করছি।
দলের অপর প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেন, সামাদ আজাদ তার দীর্ঘ ৬৫ বছরের রাজনৈতিক জীবনে রাজনীতি থেকে একদিনও অবসর গ্রহণ করেননি।
তিনি সামাদ আজাদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্যে সিটি পয়েন্টের নামকরণ সামাদ আজাদ স্কয়ার করার জন্যে মেয়র কামরানের কাছে প্রস্তাব রাখেন।
তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সামাদ আজাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হবে।
সিটি পয়েন্টে মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, উপদেষ্টামণ্ডলির সদস্য দেওয়ান ফরিদ গাজী এমপি, আবুল মাল আব্দুল মুহিত, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নাহিদ, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আবু জাফর, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির পলিট বুরে্যা সদস্য ফজলে হোসেন বাদশাহ, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আনম শফিকুল হক।
