একতরফা সিইসি নিয়োগ সরকারের অসৎ উদ্দেশ্যের পরিচায়ক: সাবের চৌধুরী
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং অপকৌশলের অংশ হিসেবেই বিরোধী দলের সঙ্গে আলোচনা না করে সরকার এক তরফাভাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ করেছে।
তিনি বলেন, একতরফা এ নিয়োগ গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে সহায়ক নয়, বরং তা সরকারের অসৎ উদ্দেশ্য হাসিলের পরিচয়ই বহন করে। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সাবের চৌধুরী বলেন, ২০০০ সালে সিইসি হিসেবে এমএ সাইদকে নিয়োগের আগে আওয়ামী লীগ সরকার আলোচনার আমন্ত্রণ জানিয়ে বিএনপি’কে দুটি পত্র পাঠিয়েছিল। এই সত্য স্বীকারের জন্যে আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, বিএনপি যখন বিরোধী দলে ছিলো তখন সরকারের আমন্ত্রণ সত্ত্বেও আলোচনার সুযোগ গ্রহণ করেনি তারা। আর আজ যখন বিএনপি ক্ষমতায়, তখন দেশবাসীর প্রত্যাশাকে উপেক্ষা করে তারা বিরোধী দলকেও আলোচনার সুযোগ থেকে বঞ্চিত করেছে।
