২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা নৌ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বার বার লঞ্চ দুর্ঘটনায় মানুষের মৃত্যু প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ার জন্য নৌ পরিবহন মন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

শেখ হাসিনা লঞ্চ দুঘর্টনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান।

সোমবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, এ কথা দিবালোকের মতো সত্য, প্রধানমন্ত্রীর পরিবারের এবং ওই পরিবারের মালিকানাধীন একটি লঞ্চ কোম্পানীর অবৈধ স্বার্থ রক্ষা করতে গিয়ে নৌ দুঘর্টনারোধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তিনি উল্লেখ করেন, হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই শাস্তি পেতে হবে।

বিবৃতিতে তিনি যমুনা নদীতে ডুবে যাওয়া এমভি রায়পুরা লঞ্চটির উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরিচা ও পটুয়াখালীতে লঞ্চ দুঘর্টনায় নিহত ও নিখোঁজ লঞ্চযাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।