জোট সরকার ভোট কারচুপি করতে দলীয় লোককে সিইসি নিয়োগ করছে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট কারচুপি করতে জোট সরকার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোয়ার উদ্দিন নামে এমন এক ব্যক্তিকে নিয়োগ দিতে যাচ্ছে, যিনি সরাসরি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত।
বুদ্ধ পূর্ণিমার আগে রোববার রাতে তার ধানমণ্ডি কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতাকালে শেখ হাসিনা এ কথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিএনপি-জামাত জোট ক্ষমতা কুক্ষিগত করতে একদিকে বিরোধী দলের নেতা কর্মীদের হত্যা করছে। অন্যদিকে ভোট কারচুপি করতে এমন সব ষড়যন্ত্র চালাচ্ছে।
তিনি বলেন, দলীয় লোককে সিইসি হিসেবে নিয়োগ দিয়ে তারা ভোট চুরির সকল আয়োজন করে রাখছে। আর এর মাধ্যমে গণতন্ত্র ধ্বংসের সকল পরিকল্পনা চরিতার্থ করতে চায় তারা।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের অত্যাচার নির্যাতন ও দুঃশাসনের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে বৌদ্ধসহ সকল ধর্মের মানুষকে তারা খুন করছে। গোটা সমাজ এখন সাম্প্রদায়িকতার বিষবাষ্পে ভরা। রক্ত আর লাশের সাগরে ভাসছে বাংলাদেশ। তিনি বলেন, যে সরকারের আমলে মানুষের লাশ কুকুরে খায়, সে সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।
অনুষ্ঠানে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি পি আর বড়ুয়া, সাধারণ সম্পাদক ড. প্রণব কুমার বড়ুয়া, বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন পরিষদের সদস্য সচিব সুপ্ত বড়ুয়া, যুব পরিষদের চেয়ারম্যান সরজিত বড়ুয়া রুরু, বৌদ্ধ যুব সমিতির সভাপতি অরুণ বড়ুয়া এবং নেত্রসেন বড়ুয়া বক্তব্য রাখেন।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
