২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অস্ত্র দিয়ে জুম্ম জনগোষ্ঠীকে চিরতরে বিলুপ্ত করার ষড়যন্ত্র করছে: সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা বলেছেন, সরকার অস্ত্রের ভাষা ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামের জুম্ম (পাহাড়ি) জনগোষ্ঠীকে চিরতরে বিলুপ্ত করার ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে ছাত্র-যুব সমাজ তথা পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীকে ঐকবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 08:39 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

শুক্রবার রাঙ্গামাটির শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে পাহাড়ি ছাত্র পরিষদের দু’দিনব্যাপী ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৩তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন উদ্বোধনকালে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত প্রগতিশীল গণতান্ত্রিক ও গণমুখী সরকার প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে না।

তিনি বলেন, বাংলাদেশ জন্ম লাভ করেছে ৩৪ বছর হলো। কিন্তু এই দীর্ঘ সময়ে একবারও পার্বত্যাঞ্চল সেনা শাসন থেকে মুক্ত হতে পারেনি। পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর জীবন জীবিকা স্তব্ধ হয়ে রয়েছে। বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলতে শুরু করেছে পাহাড়ের মানুষ।

তিনি ছাত্র ও যুব সমাজকে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জীবন ধারায় পরিবর্তন আনার আহ্বান জানান।

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি উজ্জল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং মার্মা। অন্যান্যের মধ্যে আয়োজনে আরো উপস্থিত ছিলেন মহিলা সমিতির সভাপতি মাধবী লতা চাকমা, আদি ও স্থায়ী বাঙালি কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলম, জনসংহতি সমিতির কেন্দ্রীয় আইন বিষয়ক সহ সম্পাদক শক্তিমান চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী চৈতালী ত্রিপুরা প্রমুখ।