বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল পালিত
দলীয় নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যার প্রতিবাদে প্রধান বিরোধীদল আওয়ামী লীগের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল বুধবার বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মঙ্গলবার সকালে নগরীর তেজগাঁও এলাকায় অজ্ঞাত দুস্কৃতিকারীদের গুলিতে নিহত হন।
হরতাল চলাকালে ধানমন্ডি, ফার্মগেট, খিলগাও, মিরপুর ও মতিঝিলসহ নগরীর বিভিন্ন স্থানে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। পুলিশ এসব এলাকা থেকে মহিলা আওয়ামী লীগ সভাপতি আশরাফুন্নেসাসহ ৩০ জনের বেশি নেতাকর্মীকে আটক করে।
হরতাল থাকলেও নগরীর বিভিন্ন রাস্তায় উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন চলাচল করেছে। তবে বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বেসরকারি অফিস বন্ধ ছিল। সরকারি অফিস খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।
নিহত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বাচ্চুর কর্মস্থল ঢাকা জজ আদালতের কার্যক্রম ছিল বন্ধ। দুপুর ২টা পর্যন্ত কোনো বিচারক আদালতে ওঠেননি। তবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম ছিল স্বভাবিক।
হরতালের সমর্থনে রাসেল স্কোয়ার, এলিফেন্ট রোড, পান্থপথ ও ধানমন্ডিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পুলিশ এসব মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের কমপক্ষে ২০ জন নেতাকর্মীকে আটক করে। এর মধ্যে বেশিরভাগ নেতাকর্মীকে ধানমন্ডি থানায় আটকে রাখা হয়।
পরে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ কর্মীরা ধানমন্ডির মিরপুর রোডে কিছু যানবাহনে ভাংচুর চালায়।
দল মত নির্বিশেষে বাচ্চুর সহকর্মী আইনজীবীরা সকাল ৯টায় আদালত প্রাঙ্গনে সম্মিলিত আইনজীবী পরিষদের ব্যানারে একটি মিছিল বের করেন। এসময় সানাউল্লাহ মিয়া, মাসুদ তালুকদার, খোরশেদ আলম ও মহসিন আলীসহ অনেক বিএনপি সমর্থক আইনজীবীও মিছিলে অংশ নেন।
এছাড়া দুপুর সোয়া ১২টায় অ্যাডভোকেট জাহিদ সরদারের নেতৃত্বে আওয়ামী আইনজীবী পরিষদ পৃথকভাবে একটি মিছিল বের করে।
এর আগে সকালে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর মুক্তাঙ্গনে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়।
এদিকে নগরীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, খিলগাঁও, মিরপুর ও ফার্মগেট এলাকায়ও হরতালের সমর্থনে মিছিল বের হয়। এছাড়া নওয়াবপুর এলাকায় বাচ্চু হত্যাকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
