কেরাণীগঞ্জের ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা
আওয়ামী লীগ কেরাণীগঞ্জ থানা শাখার নেতারা কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি করেছেন। তাদের অভিযোগ, এখানকার থানা পুলিশ মানুষকে রক্ষার পরিবর্তে নির্যাতন চালাচ্ছে।
ক্ষমতাসীন বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা তুলে নেয়ার দাবি জানান।
জাতীয় প্রেসক্লাবে কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ নেতা নসরুল হামিদ বিপু বলেন, সংসদ সদস্য আমান উল্লাহ আমানের পোষা সন্ত্রাসীরা কেরাণীগঞ্জের মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। তিনি এলাকায় অবৈধ অস্ত্র, মাদক এবং অসামাজিক কর্মকাওণ্ড উৎসাহিত করছেন। এক্ষেত্রে কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চুপ রয়েছে।
আওয়ামী লীগ নেতা কর্মী ও নারী কর্মীদের ওপর নির্যাতনের কথা বর্ণনা করতে গিয়ে বিপু বলেন, গত তিন বছরে একশ ১৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আড়াইশ’ মিথ্যা মামলা করা হয়েছে এবং একজন নারী কর্মীকে জোর করে একটি সাদা কাগজে সই করিয়ে আরেকজন নেতার বিরুদ্ধে মামলা করিয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বলেন, সারা দেশে এই ধরনের অত্যাচার নির্যাতন চলছে। কিন্তু কেরণীগঞ্জ থানা শাখা সন্ত্রাসীদের হুমকি ধামকি সত্ত্বেও এই অপরাধের কথা প্রকাশ করতে এগিয়ে এসেছে।
সাংবাদিক সম্মেলনে থানা আওয়ামী লীগের একশ’ জনের মত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
