২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডভোকেট খোরশেদ হত্যার নিন্দা ও প্রতিবাদ

ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম হত্যার প্রতিবাদে আওয়ামী সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এক প্রতিবাদলিপিতে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার সুপরিকল্পিত নীল নকশার অংশ হিসেবে বিএনপি জামাত জোট সরকারের সশস্ত্র সন্ত্রাসীরা এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের অব্যাহত পরিকল্পিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

শেখ হাসিনা অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রতিবাদলিপিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস অপর এক বিবৃতিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি অবিলম্বে হত্যাকারীদের বিচার দাবি করে নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে খোরশেদ আলম হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এদিকে খোরশেদ আলম হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে।