প্রশিক্ষণার্থী ২১ এসআই’ র বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল
পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) পদে ২১ জন প্রশিক্ষণার্থীর বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে ব্যাপারে কারণ দর্শানোর জন্যে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেছেন।
সোমবার প্রশিক্ষণার্থীদের দায়ের করা একটি রিট আবেদনের ভিত্তিতে আদালত এ আদেশ দেন।
আবেদনকারীরা ২০০৩ সালের ২০ নভেম্বর পুলিশের এসআই পদে প্রশিক্ষণের জন্যে মনোনয়ন পান। একই বছর ২০ ডিসেম্বর সারদা পুলিশ একাডেমিতে তাদের প্রশিক্ষণ শুরু হয়।
১১ মাস ১৬ দিন প্রশিক্ষণ নেওয়ার পর নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০৪ সালের ১৬ অক্টোবর তাদের বরখাস্ত করা হয়।
জানে আলম ও মোহাম্মদ আমিনুর রহমানসহ বরখাস্ত হওয়া ২১ জন প্রশিক্ষণার্থী বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে সারদা পুলিশ একাডেমি কর্তৃপক্ষের বিরুদ্ধে রিট আবেদন দাখিল করেন।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, পুলিশের সুপারিনটেন্ডেন্ট এবং ইন্সপেক্টর জেনারেলকে এতে বিবাদী করা হয়।
ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, তার সহযোগী ব্যারিস্টার নওরোজ রাসেল চৌধুরী, ব্যারিস্টার মইন ফিরোজী ও ব্যারিষ্টার সামসুল হাসান বাদী পক্ষ এবং ডেপুটি এটর্নি জেনারেল আদিলুর রহমান খান সরকার পক্ষের হয়ে লড়ছেন।
