২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্দলীয় কোন্দলে ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আহত

অন্তর্দলীয় কোন্দলে শনিবার বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমুসহ আরও দুজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

আহতাবস্থায় হিমুকে প্রাথমিক চিকিৎসার জন্যে সেন্ট্রাল হাসপাতালে পাঠানো হয়।

আহত অন্য দুজন হলো-হিমু গ্রুপের সোহাগ এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দেলোয়ার গ্রুপের এসএম শাহিন। তাদেরকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দেলোয়ার গ্রুপের কর্মীদের হাত থেকে নিজের গ্রুপের কর্মী সোহাগকে বাঁচানোর সময় হিমু আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক মাস আগে জাতীয়তাবাদী ছাত্রদল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার এক নেতার টাকা ছিনতাইয়ের ঘটনায় সোহাগের জড়িত থাকার অভিযোগ রয়েছে। জিয়া হল শাখার ছাত্রদল নেতারা ওই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্রলীগ নেতাদের ওপর চাপ দিয়ে আসছিল।

শনিবার দুপুর ২টার দিকে সোহাগকে সভাপতি দেলোয়ার হোসেন ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বললে সোহাগ তা অস্বীকার করে এবং এতে ক্ষীপ্ত হয়ে দেলোয়ার গ্রুপের কর্মীরা সোহাগকে মারধোর করে।

এ ঘটনার জের ধরে সোহাগের সমর্থকরা আবার দেলোয়ার গ্রুপের শাহীন নামে অপর এক কর্মীর ওপর পাল্টা হামলা চালায়।

বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট লিয়াকত সিকদার বিডিনিউজকে বলেন, এ ঘটনার জন্যে দায়ীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা জানান, সম্প্রতি অন্তর্দলীয় কোন্দল বেড়ে যাওয়ায় ছাত্রলীগের বর্তমান কমিটি ভেঙ্গে যেতে পারে।