সংখ্যালঘুদের দেশত্যাগে এখনও বাধ্য করা হচ্ছে : হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করে বলেছেন, নানা নির্যাতনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়কে দেশত্যাগে বাধ্য করার প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।
শনিবার পরিষদের উদ্যোগে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা এ কথা বলেন। পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রেমরঞ্জন দেব, বাসুদেব ধর, অ্যাডভোকেট পরিমল চন্দ্র গুহ, সতেন্দ্র চন্দ্র ভক্ত প্রমুখ নেতারা।
সভাপতির ভাষণে অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক বলেন, ঢাকার মিরপুরে বিশেষ বাহিনী ২০০ সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ করছে। ঢাকায় রমনা কালী মন্দির, ঋৃষিকেশ দাস লেন ও বিহারীলাল জিউ মন্দির নিয়ে চলছে অচলাবস্থা। ঢাকায় যদি এ অবস্থা হয় তাহলে সারা দেশের অবস্থা সহজেই অনুমেয়।
তিনি বলেন, সারাদেশে জায়গা জমি দখল, মঠ-মন্দির দখল, নারী নির্যাতন, হামলাসহ নানা ধরণের নির্যাতন চলছে সংখ্যালঘুদের ওপর। চাকরি ক্ষেত্রেও চলছে বৈষম্য।
তিনি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে লড়াই জোরদার করার আহ্বান জানান।
প্রেমরঞ্জন দেব বলেন, ১৯৪৭ সালে এদেশে হিন্দু ছিল ৩১ ভাগ, আর এখন এই সংখ্যা মাত্র ১০ ভাগ। ১৯৪৭ সাল থেকে এ দেশকে হিন্দুমুক্ত করার প্রক্রিয়া চালু হয়। এখনও এই একই প্রক্রিয়া চলছে।
অ্যাডভোকেট পরিমলচন্দ্র গুহ সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, অন্তত একটি মন্দির দখলের ঘটনার শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে অন্যরা এই কাজ করতে ভয় পায়।
