২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনে অনিয়ম হলে হরতাল ও বন্দর অচল কর্মসূচি

সিসিসি নির্বাচনে কোনো অনিয়ম কিংবা ভোট কারচুপি হলে আওয়ামী লীগ সমমনা অন্যান্য দলকে সঙ্গে নিয়ে হরতাল এবং চট্টগ্রাম বন্দর অচলসহ তাদের ভাষায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 04:42 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের এ ব্যাপারে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে অনিয়ম হলে চট্টগ্রাম থেকেই শুরু হবে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন।

শনিবার সকালে পুত্র সজীব ওয়াজেদ জয়কে বিমানবন্দরে বিদায় জানাতে গিয়ে উপস্থিত নেতাদের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনাকালে শেখ হাসিনা বলেন, সরকার দলীয় প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে বিএনপি - জামাত জোট নানাভাবে কাচুপির ষড়যন্ত্র করছে। তাদের এ ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম শনিবার বিডিনিউজকে বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী খুবই জনপ্রিয়। কমপক্ষে ৭০ ভাগ ভোট পেয়ে তিনি আবারো মেয়র নির্বাচিত হবেন। কিন্তু তার জনপ্রিয়তায় ভীত সরকার নিজেদের প্রার্থীকে জেতাতে কারচুপির সকল ধরণের নীল নকশা করছে।

তিনি বলেন, পুলিশসহ পুরো প্রশাসনকে তারা নিজেদের স্বার্থে ব্যবহারের প্রক্রিয়া শুরু করেছে অনেক আগে থেকেই। শুধু তাই নয়, এতো কিছুর পরও যদি সরকার দলীয় প্রার্থীকে জেতাতে না পারে তাহলে জোর করে তারা জেতার ঘোষণা দিয়ে দেবে - এমন সংবাদ আমাদের কাছে আছে।

তিনি আরও বলেন, সরকার চট্টগ্রাম সিটি নির্বাচনেও ঢাকার তেজগাঁও - রমনা উপ নির্বাচনের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু এর পরিণতি হবে ভয়াবহ। 

শেখ সেলিম জানান, সরকার অনিয়ম বা কারচুপির আশ্রয় নিলে হরতালসহ কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে। এটি আন্দোলনের একটি টার্নিং পয়েন্ট বলেও তিনি উল্লেখ করেন।

৯ মে’র এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আসার আহ্বান জানান তিনি ।  

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন মনিটর করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি টিম সেখানে কাজ করছে। নির্বাচনের সার্বিক দিক পর্যবেক্ষণ ছাড়াও তারা নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারনার কাজও চালিয়ে যাচ্ছেন।