ক্ষমতাসীন চারদলীয় জোটে এখন শরিক সাতটি: জোটে কে আছে, কে নেই এ নিয়ে সংশয়
বিএনপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন চারদলীয় জোটের দু’টি শরিক দল পাঁচ ভাগে বিভক্ত হওয়ায় এখন জোটে শরিকের সংখ্যা সাত।
খণ্ডিত এ শরিক দলগুলোর জোটে কে আছে, কে নেই -- এ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। তবে সরকার চাইছে এ শরিকদের সাথে রেখেই নতুন করে জোটের শক্তি বৃদ্ধি করা।
জোটে নতুন শরিক নেওয়ার বিষয়েও প্রধান দল বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ইঙ্গিত দিয়েছেন।
২০০১ সালের নির্বাচনে জোটের বিপুল বিজয় হলেও ক্ষমতার অংশ পায় শুধু বিএনপি ও জামায়াত। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটের কাউকে মন্ত্রী বানানো হয়নি।
এতে ক্ষিপ্ত হয়ে বিজেপির নেতা নাজিউর রহমান মঞ্জুর সম্প্রতি জোট ও সরকার বিরোধী বক্তব্য দিতে শুরু করেন। এ নিয়ে বিজেপি নাজিউর ও ডাঃ এমএ মতিনের নেতৃত্বে ভেঙ্গে যায়।
এর আগে শায়খুল হাদীস আজিজুল হক ও মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোট দ্বিখণ্ডিত হয়। সম্প্রতি মুফতি আমিনীর নেতৃত্বাধীন অংশও মুফতি ইজাহারুল ইসলামের নেতৃত্বে আবার বিভক্ত হয়েছে।
দু’টি শরিক দল ভেঙ্গে পাঁচ খণ্ডে বিভক্ত হওয়ায় জোটে বর্তমানে সাতটি দলের অস্তিত্ব বিরাজ করছে।
জোটে কে শরিক, কে নয় -- এ ব্যাপারে বিজেপির (নাজিউর) চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর ও মহাসচিব সাইফুর রহমান বিডিনিউজকে জানান, বিজেপি চারদলীয় জোটের সাথে ছিল এবং আছে। বিজেপি নির্বাচন কমিশনে রেজিষ্টার্ড একটি সংগঠন। এখানে দ্বিধাবিভক্তির কোন সুযোগ নেই। বিজেপির নামে কেউ কোন সংগঠন করলে তা আইনগতভাবে মোকাবেলা করা হবে।
ডাঃ এমএ মতিনের নেতৃত্বে বিজেপির অংশ প্রসঙ্গে তারা বলেন, ডাঃ মতিনকে বিজেপি থেকে বহিস্কার করা হয়েছে। তিনি কি করে নিজেকে জোটের শরিক দাবি করেন। তিনি তো বিজেপির কেউ নন। তার কোন দলও নেই। জোট সরকার ডাঃ মতিনের নেতৃত্বে কোন খণ্ডিত অংশকে স্বীকৃতি দেবে না।
তারা বলেন, ডাঃ মতিন স্বঘোষিত চেয়ারম্যান। তার কোন বৈধতা নেই। তারপরও তাদের এক সাথে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
বিজেপি’র (মতিন) চেয়ারম্যান এমএ মতিন বলেন, নাজিউর রহমানের নেতৃত্বাধীন বিজেপির কোন অংশ জোটে থাকলে তার দল জোটে থাকবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সাথে এ ব্যাপারে কথা হয়েছে। তিনিও এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তাই প্রধানমন্ত্রী তাকে (নাজিউরকে) সাক্ষাত করার কোন সুযোগ দেননি। জোট তার ওপর ক্ষুব্ধ। নাজিউরকে জোটে রাখা হবে না।
এদিকে বিএনপি’র মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের এক অনুষ্ঠানে আগামী নির্বাচনকে সামনে রেখে জোটকে আরও শক্তিশালী করার কথা বলেছেন।
তিনি জোটের শরিকদের দ্বিধাবিভক্তির কথা স্বীকার করে বলেন, জোটের দুটি শরিক ইতোমধ্যে বিভক্ত হয়ে গেছে। ফলে জোটের বর্তমান শরিকও বেড়েছে। তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে জোটে শরিক আরও বৃদ্ধি হতে পারে বলেও ইঙ্গিত দেন।
২০০১ সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র নেতৃত্বে গড়ে উঠা জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির নেতা এইচ এম এরশাদ জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলে তার দলটি ভেঙ্গে যায়।
নাজিউর রহমান মঞ্জুর ও ডাঃ এমএ মতিন এ সময় জাপা থেকে বেরিয়ে এসে বিজেপি’র জন্ম দেন। পরে এ দল থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ডাঃ মতিনসহ চারজন সংসদ সদস্য নির্বাচিত হন।
