২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাদ আজাদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি, জানাজা শেষে মরদেহ সিলেটে প্রেরণ

প্রয়াত বর্ষিয়ান রাজনীতিক আব্দুস সামাদ আজাদের কলাবাগানের বাসভবন, বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগ কার্যালয়ে এবং পল্টন ময়দানে মরহুমের নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। জানাজা শেষে বৃহস্পতিবার দুপুরে মরদেহ হেলিকপ্টার করে সিলেট পাঠানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 02:08 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সিলেট, সুনামগঞ্জ ও তার নিজ গ্রাম জগন্নাথপুরে একাধিক জানাজা শেষে বিকালে লাশ আবার হেলিকপ্টারে ঢাকায় আনা হবে। আছর নামাজের পর বনানী গোরস্থানে সমাহিত করা হবে সামাদ আজাদকে।

সকাল ১১ টায় পল্টন ময়দানে অনুষ্ঠিত নামাজে জানাজায় রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমদ, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজার মোনাজাত শেষে সামাদ আজাদের মৃতদেহ তেজগাঁ’র হেলিপ্যাডে নেওয়া হয়। সেখান থেকে সরকারি একটি হেলিকপ্টারে করে লাশ পাঠানো হয় সিলেটে। 

এরআগে লাশ বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হয়। দলের কেন্দ্রীয় নেতারা জাতীয় ও দলীয় পতাকা দিয়ে কফিনটি আচ্ছাদিত করেন। হাজার হাজার শোকার্ত মানুষ কফিনে পুষ্পার্ঘ নিবেদন করেন। 

বর্ষিয়ান রাজনীতিক মিজানুর রহমান চৌধুরী, ড. কামাল হোসেন, আব্দুল জলিল, আসম আব্দুর রব, মঞ্জুরুল আহসান খান, রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, বিমল বিশ্বাস, সৈয়দ জাফর সাজ্জাদসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা তাদের প্রিয় এ নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।

মরদেহ বৃহস্পতিবার সকাল ৮ টায় আইসিডিডিআরবি’র মরচুয়ারি থেকে  কলাবাগানের বাসায় নেওয়া হলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ, সাবেক তত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি হাবিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মঈন খান, ব্যরিস্টার আমির উল ইসলাম, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী ও শফি সামি, সাবেক রাষ্ট্রদূত আরশাদুজ্জামানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন দেশের কুটনীতিকরা সামাদ আজাদের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

বিদেশি কুটনীতিকদের মধ্যে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, কুটনৈতিক কোরের ডীন শাহতা জারাব, ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জুডিথ চাম্মাস, রাশিয়ান রাষ্ট্রদূত ওলিগ এস. মালগিনভ প্রমুখ। তারা সাবেক পররাষ্ট্র মন্ত্রী সামাদ আজাদের মৃত্যু উপলক্ষে শোক বইতে স্বাক্ষর করেন। 

আওয়ামী লীগ প্রধান ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সকাল পৌনে ৯ টায় সামাদ আজাদের কলাবাগানের বাসভবনে যান। বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের বিশ্বস্ত সহকর্মী সামাদ আজাদের কফিনে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। কফিনের পাশে তিনি কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় সেখানে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।  

আব্দুস সামাদ আজাদ বার্ধক্যজনিত রোগের কারণে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় ঢাকায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। অবসান ঘটে এক দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের।