২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠিত

ঢাকা সিটি কর্পোরেশনের ৬৩ নং ওয়ার্ডে গত ২০ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য নির্বাচন কমিশন মঙ্গলবার কমিশন সচিবালয়ের একজন যুগ্ম সচিবকে নিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

কমিটি সদস্য এ. কে সলিমুল্লাহকে আগামী সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দানের নির্দেশ দেয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত ২০ এপ্রিল পরপর কয়েক দফা হামলার ঘটনার পর আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কমিশনার প্রার্থী ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন।

ভোট চলাকালে বদরুন্নেসা কলেজ কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীরা হামলা চালালে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হোসেন বসনসহ ছয়জন আহত হয়।

বৈঠকে নির্বাচন কমিশন আগামী ৯ মে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে বাংলাদেশ বার কাউন্সিলের ৮৬ জন আইনজীবী যে আবেদন করেছিলেন, নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে তা খারিজ করে দেওয়া হয়।

এছাড়াও বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী এবিএম মহিউদ্দিনের আবেদনের প্রেক্ষিতে তার নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণকল্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাবেক মেয়র মহিউদ্দিনের নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিক কমিটির পক্ষ থেকে ২০ সদস্যের একটি পুলিশ দেওয়ার জন্য সোমবার নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়।

বৈঠকে নির্বাচন কমিশনার সফিউর রহমান, এমএম মুন্সেফ আলী এবং একে মোহাম্মদ আলীসহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।