রংপুরের প্রয়াত আওয়ামী লীগ কর্মীদের পরিবারের প্রতি শেখ হাসিনার সমবেদনা জ্ঞাপন
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজিব ওয়াজেদ জয় মঙ্গলবার রংপুরে সম্প্রতি পরলোকগত দলীয় কর্মীদের পরিবারবর্গের সাথে দেখা করেন। শেখ হাসিনা তিন দিনের রংপুর সফরের শেষ দিনে তাদের সাথে এ সাক্ষাৎ করেন।
শেখ হাসিনা এবং জয় পরলোকগত আবুল কালাম আজাদ, শহীদ হোসেন শামীম এবং মর্তুজার পরিবারবর্গের সাথে মিলিত হন। তারা সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আবুল কালাম আজাদের বাড়ীতে বিরোধী দলীয় নেত্রীর আগমনের সাথে সাথে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কালামের পরিবারের সদস্যরা নেত্রীকে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। আবুল কালাম আজাদ রংপুরের তাজাত নামক স্থানে র্যাপিড একশন ব্যাটলিয়নের (র্যাব) হাতে নিহত হন।
শেখ হাসিনা পুত্র জয়কে নিয়ে প্রয়াত সেচ্ছাসেবক লীগ নেতা শহীদ হোসেন শামীম ও যুব লীগের কেন্দ্রীয় নেতা মর্তুজার বাড়ীতে তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গেলে সেখানেও বাতাস বিষাদে ভারি হয়ে উঠে।
গত তিন দিন ধরে শেখ হাসিনা উত্তর বঙ্গের বিভিন্ন এলাকা সফর শেষে মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফর কালে প্রতিটি এলাকায় তাদের প্রানঢালা অভিনন্দন জানানো হয়।
বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু গ্রীষ্মের প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাদের প্রাণপ্রিয় নেত্রী ও তার পুত্রকে হাত নেড়ে উষ্ণ সম্বর্ধনা জানায়।
শেখ হাসিনা গত ২৪ এপ্রিল তিন দিনের সফরে রংপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
