আওয়ামী লীগ দেশে বিদেশী বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে: মেহেরপুরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বিদেশী বিনিয়োগকারীরা যখন কলকারখানা তৈরির জন্য বিনিয়োগ করতে আসছে আওয়ামী লীগ তখন বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
রোববার মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহরের স্কুল ময়দানে আয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে এখন দু’টি ধারার রাজনীতি বিদ্যমান। একটি উন্নয়ন, উৎপাদন ও কল্যাণের রাজনীতি। অন্যটি গণতন্ত্র নস্যাৎ করে উন্নয়ন বন্ধ করার, দেশের সম্পদ নষ্ট করার এবং অরাজকতা সৃষ্টির রাজনীতি।
আওয়ামী লীগকে শেষোক্ত রাজনীতির ধারক উল্লেখ করে বেগম জিয়া বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বিদেশে গিয়ে দেশের বদনাম করে উন্নয়নের ধারা ব্যহত করছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম এমপি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব মোঃ হারিস চৌধুরী, গণপূর্ত প্রতিমন্ত্রী মোঃ আলমগীর কবীর, শিল্প উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুন এমপি, আব্দুল গণি এমপি প্রমুখ।
