হাসিনার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক: তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন পদ্ধতি ও দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে আলোচনা
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী শনিবার সকালে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাস ভবন সুধাসদনে সোয়া এক ঘন্টা বৈঠক করেছেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচনী আইন সংস্কার এবং বাংলাদেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিসহ দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনোয়ার চৌধুরী বলেন, বিরোধী দলীয় নেতার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে বিষয়গুলো কী কী ছিল তা জানাতে রাজি হননি তিনি।
তিনি নবনিযুক্ত ডেপুটি হাই কমিশনার ষ্টিফেন ব্রিজেস ও পলিটিক্যাল সেক্রেটারি জ্যাসন গ্রাইমস’র সঙ্গে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন।
পরে এক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী জানান, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার বছর পূর্তি হবে আগামী মাসে। বাংলাদেশে একের পর এক গ্রেনেড হামলা চালিয়ে মানুষ হত্যা, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং অবৈধ অস্ত্রের চালানের বিষয়গুলোতে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।
এছাড়া, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী আইনের সংস্কার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সাবের চৌধুরী বলেন, এ সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা ব্রিটিশ হাই কমিশনারকে অবহিত করেছি।
তিনি বলেন, ভোটের অধিকারের পক্ষেই আমাদের অবস্থান। এ অধিকার নিশ্চিত করতে নির্বাচনী আইন ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সংস্কার দরকার। দেশের সকল শ্রেণী-পেশার মানুষ ও দল এ সংস্কারের পক্ষে। এটি এখন সর্বজন স্বীকৃত একটি বিষয়।
বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্, সাবের হোসেন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত জিয়া উদ্দিন এবং শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।
