২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতির সনদপত্র বিতর্ককে কেন্দ্র করে আইনজীবী সমিতি ও সরকার সমর্থকদের অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালিত

বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজীর সনদপত্র বিতর্ককে কেন্দ্র করে রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও সরকার সমর্থক আইনজীবীরা পৃথক পৃথক অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 05:59 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বিচারপতি ফয়েজীর সনদপত্র বিতর্ক অবসান না হওয়া পর্যন্ত বিচার কাজ থেকে বিরত থাকার দাবিতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি এনেক্স ভবনের সামনে এবং সরকার সমর্থক আইনজীবীরা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যক্রম বন্ধের দাবিতে সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।

অবস্থান ধর্মঘট চলাকালে অুনষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মাহবুবে আলম। এ সময় সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওজায়ের ফারুক, সাধারণ সম্পাদক এনায়েতুর রহমানসহ সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে মাহবুবে আলম বলেন, বিচারপতি ফয়েজীর সনদপত্র নিয়ে বার কাউন্সিল তদন্ত করছে। আপিল বিভাগে এ বিষয়ে একটি মামলা বিচারাধীন রয়েছে। যতদিন পর্যন্ত সনদপত্র বিতর্কের নিস্পত্তি না হবে, ততদিন পর্যন্ত সমিতির সদস্যরা বিচারপতি ফয়েজীর আদালত বর্জন করে যাবে। কোন ব্যক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়, আদালতের ভাবমূর্তি রক্ষার জন্যে এই আন্দোলন।

সমাবেশে তিনি ঘোষণা দেন, বিতর্কের অবসান না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত এনেক্স ভবনের সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করা হবে। 

অন্যদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ব্যানারে সরকার সমর্থক আইনজীবীদের উদ্যোগে সমিতির কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জয়নাল আবেদিন, এড. গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, এড. রবিউল করিম, এড.  হুমায়ুন কবির বুলবুল প্রমুখ।

সমাবেশে এডভোকেট জয়নাল আবেদিন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটি অবৈধ। এই অবৈধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আদালতের কাজে বাধার সৃষ্টি করছে। অবৈধ কমিটির কার্যক্রম বন্ধ না করা হলে এমন কর্মসূচি ঘোষণা করা হবে, যাতে তারা পালাবার পথ পাবে না।

এড. গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল বলেন, এডভোকেট মাহবুবে আলম ও এনায়েতুর রহিম আদালতে যে অশোভন আচরণ করেছে, তার জন্যে দু জনের আপিল বিভাগে মামলা পরিচালনা করার এখতিয়ার বাতিলের দাবি জানাচ্ছি।