রায় আংশিক, অসম্পূর্ণ; মূল পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনতে হবে: শেখ হাসিনা
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আহসান উল্লাহ্ মাষ্টার হত্যা মামলার রায়কে আংশিক ও অসম্পূর্ণ উল্লেখ করে বলেছেন, মূল পরিকল্পনাকারী, হুকুমদাতা ও ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
শনিবার বিকেলে তার ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এ রায়ের মধ্য দিয়ে প্রমানিত হয়েছে যে প্রতিটি হত্যাকাণ্ড, সন্ত্রাস ও বোমা হামলার সাথে বিএনপি-জামাত জোটের সম্পৃক্ততা রয়েছে।
তিনি বলেন, উপর মহলের নির্দেশ ও প্রভাবশালীদের গ্রীণ সিগন্যাল ছাড়া স্থানীয় পর্যায়ের বিএনপি নেতারা আহসান উল্লাহ্ মাষ্টারের মতো একজন নির্বাচিত সংসদ সদস্যকে হত্যা করেছে বলে সরকার যতোই প্রমাণ করার চেষ্টা করুক না কেন, তা কোনো বিচার বুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, বিএনপি যে খুনি ও মিথ্যাবাদী তাও প্রমানিত হয়েছে এ রায়ের মধ্য দিয়ে। আর এসব হত্যার জন্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক জিয়াকে জবাব দিতে হবে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সুষ্ঠু বিচারের স্বার্থে গাজীপুরের ‘খোয়াব’ ভবন থেকে এই হত্যার পরিকল্পনা নেয়া হয়েছে কিনা এবং ওই ভবন ও হাওয়া ভবনের সাথে সম্পর্ক কী তা খতিয়ে দেখা দরকার।
শেখ হাসিনা বলেন, খুনিদের রক্ষায় সরকারের কোনো উপায় ছিল না বলেই আহসানউল্লাহ্ মাষ্টার হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িতদের বিচার করতে তারা বাধ্য হয়েছে। কিন্তু সুকৌশলে ষড়যন্ত্রকারী ও হুকুমদাতাদের রেহাই দেয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, আহসান উল্লাহ্ মাষ্টার হত্যা পরবর্তী সরকারের বক্তব্য ও কার্যক্রমই প্রমাণ করে যে, সরকার প্রথম থেকেই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে মূল অপরাধীদের রক্ষা করতে তৎপর হয়ে উঠেছিল। তিনি বলেন, হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যেই কোনো মামলা ও তদন্তের আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হত্যাকাণ্ডকে দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের হিসেবে চিহ্নিত করে প্রেস নোট দিয়েছিল।
তিনি বলেন, প্রতিটি হত্যা ও হামলার ঘটনার পর তদন্তে অনীহা ও গড়িমসি জোট সরকারের বদ অভ্যাসে পরিনত হয়েছে। সে কারণেই আহসান উল্লাহ্ মাষ্টার হত্যাকাণ্ডের দু’দিন পরেও পুলিশ কোনো মামলা করেনি, তদন্ত শুরু করে নি।
তিনি বলেন, সরকারকে অবশ্যই খুনিদের রক্ষা করার অপকৌশল ত্যাগ করতে হবে। আহসান উল্লাহ্ মাষ্টারসহ প্রতিটি হত্যা, গ্রেনেড ও বোমা হামলা এবং অস্ত্র চোরাচালানের মূল হোতাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
প্রেস ব্রিফিংয়ে আহসানউল্লাহ্ মাষ্টারের ছেলে জাহিদ আহসান রাসেল এমপি ছাড়াও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি, এ্যাডভোকেট রহমত আলী এমপি, তানজিম আহমেদ সোহেল তাজ এমপি এবং টঙ্গী পৌরসভার চেয়ারম্যান আকম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
