২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল মান্নান শোষণমুক্ত সমাজ ও অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন: সর্বদলীয় শোকসভায়

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, আব্দুল মান্নান শোষণমুক্ত সমাজ ও অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তার সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে হবে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

শনিবার টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে আব্দুল মান্নানের স্মরণসভায় তিনি একথা বলেন।

সর্বদলীয় শোকসভা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান খান শাহজাহান।

বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী শাজাহান সিরাজ, শিল্প উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ডঃ আব্দুর রাজ্জাক এমপি, আব্দুল লতিফ সিদ্দিকী, একাব্বর হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, ওয়ার্কার্স পার্টির হাজেরা সুলতানা, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি নাজির হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল, জেলা জাপা’র সভাপতি বুলবুল খান মাহবুব, প্রেসক্লাবের সম্পাদক জাফর আহমেদ।

আব্দুল জলিল বলেন, আব্দুল মান্নান ছিলেন সর্বগুণে গুণান্বিত সারা বাংলার নেতা। তিনি স্বাধীকার থেকে স্বাধীনতা এবং স্বাধীনতা থেকে জাতি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

শাজাহান সিরাজ বলেন, আব্দুল মান্নান আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও তিনি সবসময় দলমতের উর্ধ্বে থেকে দেশের স্বার্থে কাজ করেছেন।

হাসানুল হক ইনু বলেন, তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।

এর আগে শহীদ মিনার প্রাঙ্গন থেকে সর্বদলীয় শোক মিছিল বের করা হয়।