জাকের পার্টি ও নাজিউরকে আমাদের সম্ভাব্য জোটে নেবো না : এরশাদ
জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, তাদের সম্ভাব্য জোটে জাকের পার্টি কিংবা নাজিউর রহমান মঞ্জুরকে নেয়া হবে না। সম্প্রতি এরশাদ ও তার জাতীয় পার্টি সম্পর্কে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সালের দেয়া বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদ এসব কথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে আমি ফয়সালের বাসায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার জন্যে তারা বার বার অনুরোধ জানাচ্ছিল। তার ওই দাওয়াতে যোগ দেওয়ার পর ফয়সাল পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছেন, আমি নাকি নিজে থেকেই তার কাছে যাই। সে আসেনা।
এরশাদ বলেন, ফয়সাল রাজনৈতিকভাবে খুবই অনভিজ্ঞ ও কমবয়েসী। আর জাকের পার্টি নামের দলটির ব্যাপারেও আমার তেমন কোনো উচ্চ ধারণা নেই।
তিনি বলেন, এক সময় আমার ধারণা ছিল আটরশি পীরের কোনো বড় দল না থাকলেও দেশে তাদের কিছু মুরিদ আছে। আর সেজন্যেই আমি কোনো জোট গঠন করলে তাদের সঙ্গে নেয়ার কথা ভেবেছিলাম। কিন্তু ফয়সালের এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের পর আমাদের সিদ্ধান্ত হচ্ছে তাকে আমরা নেবো না।
এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান জানান, জোটের শরিক বিজেপি থেকে সদ্য বহিস্কৃত ও এক অংশের প্রধান নাজিউর রহমান মঞ্জুরকেও তাদের সাথে নেয়া হবে না।
এরশাদ বলেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। তিনি বলেন, আওয়ামী লীগ বা তাদের সাথে আন্দোলনরত দলগুলো আগামী নির্বাচনে না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। তবে, আওয়ামী লীগ নির্বাচনে যাবে না - এটা আমি বিশ্বাস করিনা ।
তিনি বিরোধী দলগুলোর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের দাবির বিষয়টিকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। তবে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী ও সরকারের নিয়ন্ত্রণহীন তথা নির্বাচনী প্রক্রিয়ার আমুল পরিবর্তন দরকার বলে তিনি উল্লেখ করেন।
জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা কাজী ফিরোজ রশীদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
