গাইবান্ধায় জামাতের এমপি প্রতারণা করে ভোট নিয়ে এমপি হয়েছেন: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, গাইবান্ধা-সুন্দরগঞ্জ উপজেলায় জামাতের এমপি দাড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে বলে প্রতারণা করে ভোট নিয়ে এমপি হয়েছেন। আর এখন দুর্গত মানুষের পাশে না দাড়িয়ে বিদেশ সফর করে বেড়াচ্ছেন।
বুধবার গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার টর্নেডো বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিতরণ শেষে দু’টি জনসভায় তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ জামাতে ইসলামী সম্পর্কে বলেন, মৌলবাদী চেতনায় উদ্বুদ্ধ এ দলটি দিয়ে সাধারণ মানুষের কোন কল্যাণ আসতে পারে না।
তিনি আরও বলেন, বর্তমানে খালেদা জিয়ার সরকার মুখে উন্নয়নের কথা বললেও এ সরকারকে দিয়ে সাধারণ মানুষের কোন কল্যাণ হতে পারে না। তিন সপ্তাহের বেশি সময় হলেও এখনও টর্নেডো বিধ্বস্ত সাড়ে তিন হাজার পরিবারকে পূনর্বাসিত করতে পারেনি। রোদ-বৃষ্টি-ঝড়ে এখনও আতঙ্কগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।
সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং সর্বানন্দ ইউনিয়নের পাড়েরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ওয়াহেদুজ্জামান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ দু’টি জনসভা বক্তব্য রাখেন প্রেসিডিয়ামের সদস্য বিদিশা এরশাদ, সফিউল আলম প্রধান, ড. টিআইএম ফজলে রাব্বী এমপি, শওকত হোসেন নীলু, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, রেহানা প্রধান, লিলি চৌধুরী প্রমুখ।
