১১১ ছিটমহলবাসীদের ভোটাধিকার দিতে ভারতের উদ্যোগ
পশ্চিমবঙ্গ, কুচবিহার ও জলপাইগুড়ি জেলার উত্তরাঞ্চলের ১১১ টি ছিটমহলের অধিবাসীদের ভোটাধিকার প্রদানের বিষয়টি বিবেচনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ছিটমহলের অধিবাসীরা যাতে ভোটাধিকার পায় সেজন্য পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন বাম ফ্রন্ট সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানায়। পশ্চিমবঙ্গের সরকার পরবর্তী বিধান সভার নির্বাচনে ছিটমহলের প্রায় তিন লাখ অধিবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও আবেদন জানান।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে স্বরাষ্ট্র ও রাজ্যের মুখ্য সচিবরা কেন্দ্রীয় সরকারকে ছিটমহলের অধিবাসীদের ভোটাধিকার প্রদানের বিষয়টি বিবেচনা করার আহবান জানিয়েছেন।
গত কয়েক বছর ধরে জলপাইগুড়ি ও কুচবিহার সংলগ্ন সীমান্তে ১১১ ছিটমহলে বসবাসরত অধিবাসী সংক্রান্ত বিরোধ নিরসনে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলে আসছে।
