২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সিসিসি’র মেয়র পদ ছিনতাইয়ের চেষ্টা করছে : সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের অভিযোগ

আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন, জোট সরকার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ ছিনতাই করার চেষ্টা করছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 06:28 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

দলীয় মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, চারদলীয় জোট টের পেয়েছে চট্টগ্রামের জনগণ তাদের ভোট দেবে না। তাই প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।

সোমবার নাগরিক কমিটির স্থানীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আতাউর রহমান খান কায়সার, মহিউদ্দিন খান আলমগীর, যুগ্ম-সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ।

মহিউদ্দিন চৌধুরী আরও অভিযোগ করেন, সোমবার মনোনয়ন পত্র জমা দিতে গেলে প্রশাসন ও পুলিশ তাকে দেড় ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখে।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচন নিয়ে কোন রকম টালবাহানার চেষ্টা করা হলে সরকার নিজের কবর নিজেই তৈরি করবে।

সুরঞ্জিত সেনগুপ্ত মহিউদ্দিন চৌধুরীকে পুনরায় মেয়র নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মহিউদ্দিন চৌধুরীর গৃহিত পদক্ষেপগুলো বাস্তবায়ন করবে।

মহিউদ্দিন খান আলমগীর বলেন, সরকার যে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আন্তরিক নয়, নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকাণ্ডেই তা স্পষ্ট হয়ে গেছে।

তিনি কোন তুঘলকি সিদ্ধান্ত না নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।