২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সিসিসি নির্বাচনে ২২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে মেয়র পদে ২২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জোরদার নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সোমবার মনোনয়ন জমা দেন তারা। দু প্রধান মেয়র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের কাউকেই মিছিল নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যেতে দেওয়া হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 06:11 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

রিটার্নিং অফিসারের কার্যালয়ের এক কিলোমিটার দূরে কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়। সকাল থেকেই কয়েক প্লাটুন পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

৪১টি ওয়ার্ডে ৪০৭ জন কমিশনার প্রার্থী ও ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭১ জন মহিলা কমিশনার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই করা হবে।

যারা মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন মো. শহীদুল ইসলাম (আমরা চট্টলাবাসী), এবিএম মহিউদ্দিন চৌধুরী (নাগরিক কমিটি, চট্টগ্রাম), মীর নাছির উদ্দিন (চার দলীয় ঐক্যজোট), খয়রাতি মিয়া চৌধুরী (স্বতন্ত্র), মো. নাসির (স্বতন্ত্র), শামসুদ্দোহা চৌধুরী (স্বতন্ত্র), দিলিপ ভদ্র (সাংস্কৃতিক মোর্চা), তৌহিদুল ইসলাম (স্বতন্ত্র), কামরুল হুদা (স্বতন্ত্র), দিদারুল আলম (স্বতন্ত্র), রিয়াজুল করিম চৌধুরী (স্বতন্ত্র), আবদুল করিম (স্বতন্ত্র), মো. ইকবাল বিন ইয়াকুব (ইসলামী ঐক্যজোট, আমিনী গ্র“প), এম জামাল উদ্দিন (স্বতন্ত্র), হাজী মোহাম্মদ তাহের (স্বতন্ত্র), নুরুল আলম (স্বতন্ত্র), আবু নাসের তালুকদার (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. এন্দাজ মিয়া (ভাসানী-ন্যাপ), মিজানুর রহমান চৌধুরী (লাভ বাংলাদেশ), হায়দার আলী (জাতীয় পার্টি-জেপি), এম.এ. সালাম (স্বতন্ত্র), মাওলানা আবুল কাশেম নূরী (বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট’র একাংশ ওলামা-মাশায়েক পার্টি)।

মনোনয়নপত্র জমা দানের পূর্বে দু প্রধান প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটি, চট্টগ্রাম মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ও চার দলীয় ঐক্যজোট মনোনীত মেয়র প্রার্থী বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সমর্থনে যথাক্রমে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গন ও আউটার স্টেডিয়ামে দুটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

বেলা দেড়টায় মীর নাছির উদ্দিন মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন মহানগর জামাতের আমির মাওলানা শামসুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি ও মহানগর জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এরপর বেলা ২টায় মহিউদ্দিন চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, মহিউদ্দিন খান আলমগীর, আতাউর রহমান খান কায়সার, মঈনুদ্দীন খান বাদল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু, এবিএম ফজলে করিম এমপি, দীপংকর তালুকদার প্রমুখ।

মনোনয়নপত্র জমা দিয়ে মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচনের ফলাফলে কারচুপির আশংকা রয়েছে। তিনি বলেন, “আমি সরকারের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।” তিনি নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করবেন এবং অর্থ উপার্জনকারী প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্র“তি দেন।

মীর নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি নির্বাচিত হলে সিটি কর্পোরেশনে দুর্নীতি দমন, সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।