হরতাল দিয়ে নির্বাচিত সরকারকে হঠানো যায় না : মওদুদ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, হরতাল দিয়ে কোনও নির্বাচিত সরকারকে হঠানো যায় না। হরতাল ডেকে দেশের শান্তিপূর্ণ অবস্থা নষ্ট করার জন্য তিনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, কেবলমাত্র নির্বাচনের মাধ্যমেই কোনও নির্বাচিত সরকারকে হঠানো সম্ভব। এবং এটাই ক্ষমতায় যাওয়ার একমাত্র উপায়।
শুক্রবার সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।
বিএনপির অঙ্গ সংগঠন স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ হরতাল দিয়ে কোনও লাভ করতে পারেনি। তাই এখন তারা সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি জানাচ্ছে।
তিনি বলেন, দেশ পরিচালনায় সংবিধান একটি পবিত্র বিষয়। কোনও রাজনৈতিক দলের ইচ্ছা মাফিক এটা পরিবর্তন করা যায় না।
সারাদেশে সন্ত্রাস দমনে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) প্রশংসা করে তিনি বলেন, র্যাব খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এটি রক্ষী বাহিনী নয়, অপরাধ দমনে সুশৃঙ্খল বাহিনী এটি।
হরতাল দেয়ার জন্য আওয়ামী লীগের সমালোচনা করে বিচারপতি আবদুর রউফ সরকারকে আইন করে হরতালকারীদের শাস্তির বিধান করার দাবি জানান।
আলোচনা শেষে ১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মননা দেয়া হয়।
