২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবির সংঘর্ষ, ছাত্রদের হল ত্যাগের নির্দেশ

ঢাকা আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে ছাত্রদের ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দিয়েছে। জোট সরকারের দুটি ছাত্র সংগঠনের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর পরিস্থিতির অবনতি ঘটলে কর্তৃপক্ষ এই নির্দেশ দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 11:10 AM

Updated : 26 Apr 2022, 05:31 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবির ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন ছাত্র এবং ১০ পুলিশ আহত হয়েছে। অপরদিকে বেশির ভাগ ছাত্রই ক্যাম্পাসে দুটি ছাত্র সংগঠনের মধ্যে পরবর্তী  সংঘর্ষের আশংকায় সোমবার রাতেই হল ছেড়েছে।

পরবর্তীতে সম্ভাব্য সংঘর্ষের আশংকায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার রাতের ঘটনাটি তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

আহতদের মধ্যে ৩০ শিবির কর্মী, দুই ছাত্রদল নেতা, দুই পুলিশ এবং কিছু পথচারিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল নাজমুল, ছাত্রদল আলিয়া মাদ্রাসার সহ-সভাপতি ফারুক হোসেন চৌধুরী, ছাত্রদল কর্মী  আব্দুল কাদের এবং শিবির কর্মী আবু হানিফ, আবু মাহিন, আব্দুল্লাহ, নাজমুল, মুন্না, জসীম, রফিকুল ইসলাম ফারুক,আমিরুল হুদা, আবু ইউসুফ রিয়াদ, মাসুদুর রহমান, রুহুল আমিন, জয়নাল আবেদীন, আহসান উল্লাহ, আব্দুল গণি, সোয়েব, ইয়াসির আরাফাত এবং মুহাম্মদ জাহাঙ্গীরের অবস্থা আশংকাজনক।

দুটি ছাত্র সংগঠনই ঘটনার জন্য একে অপরকে দোষারুপ করে লালবাগ থনায় মামলা দায়ের করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে দুটি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়। আর সোমবার রাতে এই ঘটনার জের ধরেই পরবর্তীতে দুটি ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে। দেড়ঘন্টাব্যাপী সংঘর্ষে ছাত্রশিবির মাদ্রাসার আল্লামা ইকবাল হল নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং ছাত্রদলের নেতাকর্মীদের কমপক্ষে ৩০টি কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরে ছাত্রদল পুলিশের সহায়তায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং কমপক্ষে ১৫টি কক্ষে ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতটি টিয়ার গ্যাস সেল এবং ৩০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।

 এ ব্যাপারে লালবাগ থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তারা কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।