ঢাকা সিটি কর্পোরেশন ৩৩ নং ওয়ার্ডের উপনির্বাচনে বিএনপি প্রার্র্থী বিজয়ী : বিরোধী দলের নির্বাচন প্রত্যাখান
ঢাকা সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড উপনির্বাচনে বিএনপি প্রার্র্থী সাবেক কমিশনার গোলাম মোরশেদের বিধবা স্ত্রী শাহিদা মোরশেদ বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত একজনসহ অপর ছয় প্রার্থী ব্যাপক কারচুপি ও পুলিশের ছত্রছায়ায় সরকার দলীয় ক্যাডারদের সন্ত্রাসের অভিযোগে নির্বাচন বর্জন করে।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ হোসেন বোসন অভিযোগ করেন যে স্থানীয় সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নির্দেশে পুলিশী সাহায্যপুষ্ট বিএনপি ক্যাডাররা তাদের উপর হামলা করেছে। এ ছাড়া তারা ভোট কেন্দ্রে না যেতে তার সমর্থক ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনসহ নির্বাচনের দিন ভোট প্রদানেও বাধা দেয় বলে তিনি অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরান ঢাকার হোসেনী দালান, বদরুন্নেছা কলেজ এবং বকশী বাজার ভোটকেন্দ্রে বিএনপি ক্যাডারদের হামলায় কমপক্ষে দশজন আহত হয়।
পুলিশ চন্দন, মিলন ও মন্জুরসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া বোসনসহ আরও কয়েকজনকে আসামী করে পুলিশ মামলা দায়ের করেছে বলেও জানা গেছে।
লালবাগ থানার এসআই সেকেন্দার আলি জানান, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি এবং যানবাহন ভাংচুরের দায়ে এদের গ্রেপ্তার করা হয়েছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী টেলিভিশন প্রতীক নিয়ে বিজয়ী বিএনপি প্রার্থী শাহিদা মোরশেদ পেয়েছেন ৪৯৩১ ভোট। আওয়ামী লীগ প্রার্থীর প্রাপ্ত ভোটসংখ্যা ৬৪৩ বলে জানা গেছে। তার প্রতীক ছিলো হাতি।
