চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে
অবাধ ও সুষ্ঠুভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন আগামী ৮ মে থেকে সেনাবাহিনী মোতায়েনসহ কঠোর নিরাপত্তা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে। ৯ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ সাঈদ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শফিকুর রহমান, এমএম মুন্সেফ আলী ও মোহাম্মদ আলী।
নির্বাচনী কেন্দ্রে নির্বাচনের আগের দিন ৮ মে সকাল থেকে সেনাবাহিনী মোতয়েন করা হবে এবং তারা নির্বাচনের পরের দিন ১০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
তবে সেনাবাহিনীর মোট কত সদস্য মোতায়েন করা হবে নির্বাচন কমিশন এখনও তা ঠিক করেনি।
নির্বাচন কমিশনার এমএম মুন্সেফ আলী বলেন, কেন্দ্রের ভিতরে এবং আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেনাবাহিনীর আঞ্চলিক কমান্ডার ও নির্বাচন কমিশন কর্মকর্তাবৃন্দ যৌথভাবে এ ব্যাপরে সিদ্ধান্ত নেবেন।
এদিকে কমিশন এখনও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করতে পারেনি।
মুন্সেফ আলী বলেন, ‘বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গোয়েন্দা সংস্থাকে এ ব্যাপারে প্রতিবেদন দিতে বলা হয়েছে’।
তিনি আরও বলেন, এছাড়া গোয়েন্দা সংস্থাগুলো শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কেও প্রতিবেদন দাখিল করবে। এর পর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সম্পর্কে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেয়া হয়, নির্বাচন চলাকালে কেবলমাত্র মেয়র প্রার্থী ও মহিলা ওয়ার্ড কমিশনার প্রার্থীরা যানবাহন ব্যবহার করতে পারবেন।
বৈঠক সূত্র জানায়, মহিলা ভোটাররা যাতে নির্বিঘেœ তাদের ভোট দিতে পারেন সেজন্য কেন্দ্রগুলোতে সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহিলা আনসার নিয়োজিত থাকবে।
বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করার ব্যাপারেও গুরাত্বরোপ করা হয়। এছাড়া বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনের আগে কমিশন পোলিং ও প্রিজাইডিং অফিসারদের একটি তালিকা প্রণয়ন করবে। তবে কাকে কোথায় নিয়োগ করা হবে তা আগে থেকে জানানো হবে না।
দরকার হলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিতর্কিত প্রতিষ্ঠান বিশেষত ব্যাংক কর্মকর্তাদের নিয়োগ দেয়া হবে না বলে জানানো হয়।
মোট ৫৭৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রত্যেকটি কেন্দ্রে পাঁচটি করে বুথ থাকবে। নির্বাচনী অপরাধ সংক্রান্ত দ্রুত বিচারের জন্য ৪১ টি ভ্রাম্যমান আদালতে প্রায় ৬০০ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।
প্রত্যেকটি স্বাভাবিক কেন্দ্রে ২২ সদস্য বিশিষ্ট এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ সদস্যের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্য একটি সেল গঠন করা হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিব এসএম জাকারিয়া, স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন, আইজিপি মোহাম্মদ হাদিসউদ্দিন, প্রধান স্টাফ কর্মকর্তা মেজর জেনারেল মুস্তফা রেজানুর, বিডিআর’র ডিজি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আনসার ও ভিডিপি’র ডিজি মেজর জেনারেল এম আকবর আখতার, অতিরিক্ত ডিআইজি (এসবি) মোহাম্মদ আবদুল কাইয়ুম, এনএসআই’র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল হায়দার, কোস্ট গার্ডের ডিজি কমোডর সারোয়ার জাহান নিজাম প্রমুখ।
নির্বাচনে মেয়র পদে ২১ জন এবং ওয়ার্ড কমিশনার পদে ৩০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া নির্ধারিত মহিলা আসনের জন্য ৮৩ জন মহিলা ওয়ার্ড কমিশনার নির্বাচনে অংশ নিচ্ছেন।
