চট্টগ্রাম সিটি করপোরেশনের মহিলা ওয়ার্ড কমিশনাররা বৈষম্যের শিকার
চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত ওয়ার্ড কমিশনাররা উন্নয়ন কর্মকাণ্ডে একেবারেই অংশ নিতে পারছেন না। উপরন্তু কর্মক্ষেত্রে তারা নানা বৈষম্যের শিকার হচ্ছেন।
করপোরেশনের নির্বাচিত বেশ কয়েকজন মহিলা ওয়ার্ড কমিশনারের সঙ্গে আলাপ করে এই চিত্র পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পর পর দুবার নির্বাচিত কমিশনার হাসিনা জাফর এবার নির্বাচন বর্জন করছেন। বিডিনিউজকে তিনি বলেন, এটাই আমার প্রতিবাদ!
আগামী ৯ মে অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বন্দর নগরীতে অবশ্য এরই মধ্যে জমে উঠেছে ভোটের বাজার। ওই নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ১৪টি।
ওয়ার্ড কমিশনার হাসিনা জাফর বেশ খানিকটা খেদ ঝেড়ে বলেন, শুধু মাত্র সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত হওয়ার দায়ে আমাকে করপোরেশনের নানা উন্নয়ন কর্মকাণ্ড থেকে বাদ দেওয়া হয়েছে। প্রতি পদে পুরুষ ওয়ার্ড কমিশনারের সঙ্গে সৃষ্টি করা হচ্ছে বৈষম্য।
তিনি বলেন, আমি অন্য মহিলা ওয়ার্ড কমিশনাররে সঙ্গে কথা বলে দেখেছি, তাদের অভিজ্ঞতাও একই রকম।
মহিলা ওয়ার্ড কমিশনারদের কাজের ক্ষেত্রে আইনগত সীমাবদ্ধতাও রয়েছে। এটিও বৈষম্য সৃষ্টিতে ভূমিকা রাখছে বলে সংশিষ্টদের অভিযোগ।
ওয়ার্ড কমিশনার অ্যাডভোকেট সৈয়দা রেহানা কবির রানু বিডিনিউজকে বলেন, সংবিধানে নারী পুরুষের সম অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে তার প্রতিফলন নেই।
তিনি জানান, ২০০২ সালের ২৩ সেপ্টেম্বর জারি করা ওই পরিপত্রে বলা হয়, সাধারণ আসনের কমিশনাররা আদমশুমারী পরিচালনায় সহায়তা, জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ, জাতীয়তা, উত্তরাধিকারসহ চারিত্রিক সনদপত্র প্রদান করতে পারবেন। কিন্তু সংরক্ষিত আসন থেকে নির্বাচিতরা এসব কাজ করতে পারবেন না।
কমিশনার রানু অভিযোগ করে বলেন, পরিপত্র অনুযায়ী করপোরেশনের এক তৃতীয়াংশ সদস্য সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হওয়ার কথা। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশনে এটিও মানা হচ্ছে না।
