জিয়া কখনও নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি: বঙ্গবন্ধু পরিষদ
বঙ্গবন্ধু পরিষদ নেতারা বুধবার এক সংবাদ সম্মেলনে সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনেছেন।
স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি অনুষ্ঠানমালায় ন্যাক্কারজনক ইতিহাস বিকৃতির প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ বিচারপতি কে এম সোবহানের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন আয়োজন করে।
পরিষদের নেতারা বলেন, বেঁচে থাকতে জিয়া কখনও নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি, বরং স্বলিখিত প্রবন্ধে বঙ্গবন্ধুকে জাতির জনক এবং তাঁর আহ্বানে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার কথা স্বীকার করে গেছেন।
সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক ডা. এসএ মালেক তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত একটি প্রবন্ধে জিয়া নিজেই এ কথা বলেছেন।
তিনি বলেন, ২৫ মার্চেও জিয়া পাকিস্তানের একজন অনুগত মেজর হিসেবে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে উদ্যত হন। ২৫ মার্চ পর্যন্ত যিনি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হননি, এমন একজন মেজরের পক্ষে স্বাধীনতা ঘোষণার অবকাশ ছিল না।
তিনি আরও বলেন, বিএনপি সরকারই রাজনৈতিক প্রয়োজনে তাদের মতো করে মূল্যায়ন করে বঙ্গবন্ধুকে অন্যতম জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন, যখন জোট সরকার পতনোন্মুখ, তারা প্রতিহিংসাবশত ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুকে একেবারে বর্জন করেছে।
সভাপতির ভাষণে বিচারপতি কেএম সোবহান বলেন, উত্তর প্রজন্মকে বিভ্রান্তির হাত থেকে বাঁচাতে হলে ইতিহাস বিকৃতির এই অপচেষ্টা সম্মিলিতভাবে রুখতে হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করায় এবং তাদের মিথ্যাবাজি দেখে মনে হয় জোট সরকার উন্মাদ হয়ে গেছে।
ব্যারিস্টার শওকত আলী বলেন, এ মিথ্যাচার ১৯৯১ সাল থেকে শুরু হয়েছে। এমনকি ১৯৭৮ সালে জিয়ার শাসন আমলেও স্কুলের পাঠ্যবইয়ে মাত্র এক লাইনে উল্লেখ করা হয়েছিল, ১৯৭১ সালের ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। সেখানে ২৬ মার্চ’র কথা ছিল না। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. একে আজাদ চৌধুরী, বিএফইউজে সভাপতি ও বাংলাদেশ অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. ওজায়ের ফারুক, প্রফেসর ড. আআমস আরেফিন সিদ্দিক, বেগম রাজিয়া মতিন চৌধুরী এবং শামসুজ্জামান খান।
