ইসলামী জঙ্গী সন্দেহে গ্রেফতার করায় বাবুগঞ্জের ওসি সাসপেন্ড
বরিশালের বাবুগঞ্জে ইসলামী জঙ্গী সন্দেহে মসজিদের ইমামসহ পাঁচ জনকে গ্রেফতার করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালেহিনকে প্রথমে ক্লোজ ও পরে আজ বুধবার সাসপেন্ড করা হয়েছে।
সোমবার আসরের নামাজের সময় পুলিশ বাবুগঞ্জের রহমতপুর জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা মুজিবুর রহমান সহ পাঁচ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যরা হলেন মওলানা মুজিবুর রহমানের বোন রহিমা, ভাড়াটিয়া মাজেদা, কন্যা নিশাত এবং কেদারপুর ইউনিয়নের মেম্বার আজিজুল হক।
গ্রেফতারের খবর জানাজানি হলে স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার হয় এবং সন্ধ্যায় তারা বরিশাল-ফরিদপুর সড়ক অবরোধ করে। এ সময় তিনজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে আসলে বিক্ষুব্ধ জনতা তাদের লাঞ্ছিত করে। এরপর বরিশালের এএসপি মিজানুর রহমান ঘটনাস্থলে এসে জনতাকে আশ্বাস দেন, গ্রেফতারকৃতদের মুক্তি দেয়া হবে। রাত ৯ টার দিকে গ্রেফতারকৃতদের ছেড়ে দেওয়া হলে জনতা অবরোধ তুলে নেয়।
মঙ্গলবার স্থানীয় জনগণ থানার ওসি’র অপসারণের দাবিতে সারাদিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। রাত ৯ টায় বাবুগঞ্জ থানার ওসি আবদুস সালেহিনকে ক্লোজ করে বরিশালে পুলিশ লাইনে নিয়ে আসা হয়।
বুধবার তাকে সাসপেন্ড করা হয়।
