ভারত সীমান্তে বেড়া নির্মাণ করতে বিএসএফকে গুলি করার নির্দেশ দিতে পারে
কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করার জন্যে ভারত সরকার বিএসএফকে বিডিআর’র ওপর গুলি চালানোর নির্দেশ দিতে পারে।
ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শক এমকে নারায়নের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সূত্রকে উদ্ধৃত করে টাইমস নিউজ নেটওয়ার্ক ২৪ মার্চ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএসএফকে সীমান্তে গুলি চালানোর ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েকমাসে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব ধীরেন্দ্র সিং, বিএসএফ মহাপরিচালক আর এস মুসাহারি, সিপিডব্লিউডি ও পশ্চিমবঙ্গের প্রতিনিধিবৃন্দ।
মার্চের ৯ তারিখ বিডিআর-বিএসএফ’র মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের কারণে সিপিডব্লিউডি’র কর্মকর্তারা সীমান্তে কাঁটাতার স্থাপনের কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়।
আর্ন্তজাতিক সীমানা আইন লংঘন করে সীমানার ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়ার মতো স্থাপনা নির্মাণ বিষয়ে বাংলাদেশের প্রতিবাদটি সভায় উত্থাপন করা হয়। সেখানে স্বীকার করা হয়, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা সীমান্তে বেড়া নির্মাণকালে বিধি লংঘন করা হয়েছে। যদি সীমানা সংক্রান্ত নীতিমালা পুরোপুরি অনুসরণ করতে হতো, তাহলে ভারতের অংশে অবস্থিত ২৫৪টি গ্রামে বসবাসরত ৬২ হাজার মানুষ ও ১৩ হাজার ৬৫৪টি বাড়ির ব্যাপক ক্ষতি হতো। কেননা এর ফলে কোনও স্থাপনা বা গ্রামকে ভাগ করে ফেলতে হতো।
যদিও বাংলাদেশ বলছে, ভারত চুক্তি লংঘন করেছে, কিন্তু ভারত বলছে ১৯৮৩ সাল থেকে বেড়া নির্মাণ শুরুর পর থেকে দুদেশ একটি নীতিমালা অনুসরনের বিষয়ে একমত হলেও সেরকম কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।
এদিকে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতবাসে যোগাযোগ করা হলে দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, এ ব্যাপারে ভারতীয় সরকারের কোনো আনুষ্ঠানিক মতামত জানা যায়নি।
এর আগে ১৭ মার্চ আগরতলা থেকে ভারতের জাতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, সীমান্তের ১৫০ গজের মধ্যে বিএসএফ আর বেড়া নির্মাণ করবে না বলে সম্মত হয়। বিডিআর’র সাথে অনুষ্ঠিত তিনদিনের বৈঠকের শেষ দিনে বিএসএফ এ সিদ্ধান্তের কথা জানায়। ওই বৈঠকে বাংলাদেশ রাইফেলস’র উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রাব্বানি উপস্থিত ছিলেন। বিএসএফ সমস্যাপূর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখবে বলে সম্মত হয়। বৈঠকে উভয় পক্ষ ১৯৭৫ সালের সীমানা সংক্রান্ত নীতিমালার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অঙ্গীকার করে।
তবে বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী বিএসএফ ইনস্পেক্টর জেনারেল এসকে দত্ত বলেন, যে সব স্থানে বিডিআর নাছোড়বান্দা অবস্থায় থাকবে সেই সব স্থান ব্যতীত সীমান্তের অন্যান্য স্থানে বেড়া নির্মাণ অব্যাহত রাখবে বিএসএফ।
বৈঠক থেকে আরও বলা হয়, সীমান্ত সমস্যা নিয়ে ঢাকায় আগামী এপ্রিলে মহাপরিচালক পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
