২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভাঙ্গার দিনই প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতিকেও পদত্যাগ করতে হবে: ব্যারিষ্টার রোকন

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের পাশাপাশি জাতীয় সংসদ ভেঙ্গে দেয়ার দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতিকেও পদত্যাগ করার বিধান করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

তিনি বলেন, বর্তমান আইনে ’৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্রে হুকুম দিয়েছেন। তাই দলীয় সরকারের পদত্যাগের পর দলীয় লোক আর রাষ্ট্রপতি থাকা উচিৎ নয়। 

মঙ্গলবার বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।

আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম এমপি, যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, ড. মিজানুর রহমান, মুজিবুর রহমান চৌধুরী, মহিউদ্দিন মহি, নুরুন্নবী চৌধুরী শাওন প্রমুখ।

আমির হোসেন আমু বলেন, বিএনপি রাজাকারদের সাথে নিয়ে দেশকে ধ্বংস করছে। শুধু বঙ্গবন্ধু নয়, তারা সুপরিকল্পিতভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। তিনি বলেন, নীলনক্সা অনুযায়ী আগামী নির্বাচনের পরের নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে জামাত।

তিনি দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে জোট সরকারের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

তোফায়েল আহমেদ বলেন, নিজামীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন বলেন-আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, তখন তাকে করুণা ছাড়া আর কিছুই করা যায় না।

তিনি বলেন, ৭১ সালে জিয়াউর রহমান চট্টগ্রামে না থাকলে পাকিস্তানের পক্ষেই যুদ্ধ করতেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘৭১ সালে বাটি চালান দিয়েও মান্নান ভুঁইয়াকে খুঁজে পাওয়া যায়নি। আর শাহজাহান সিরাজরা রাজাকারের চেয়েও খারাপ।’