নির্বাচন পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রশ্নে জনগণ আজ ঐক্যবদ্ধ: হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, দেশের নির্বাচন পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রশ্নে জনগণ আজ ঐক্যবদ্ধ।
তিনি বলেন, দেশের সকল শ্রেণীর মানুষ আজ ব্যর্থ, স্বৈরাচারী ও দুর্নীতিবাজ বিএনপি-জামাত জোট সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে চায়। জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার চায়।
আগামী ৩০ মার্চ স্বৈরাচার পতন দিবসের প্রাক্কালে মঙ্গলবার এক বিবৃতিতে আওয়ামী লীগ সভানেত্রী সবাইকে ১৯৯৬ সালের মতো স্ব স্ব অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে দুঃশাসন পতনের আন্দোলনকে বেগবান করার আহবান জানান।
তিনি বলেন, বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারি প্রহসন, কারচুপি ও ভোটচুরির এক তরফা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে পাঁচ বছর ক্ষমতায় থাকবে বলে দম্ভ করেছিল। কিন্তু তীব্র গণ-আন্দোলনের মুখে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকার ১৯৯৬ সালের ৩০ মার্চ পদত্যাগে বাধ্য হয়।
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনা বিবৃতিতে সকল দেশপ্রেমিক জনগণকে দেশ ও জাতির স্বার্থে বিএনপি-জামাত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
২১ আগস্টের নৃশংস গ্রেনেড হামলার কথা স্মরণ করে তিনি বলেন, ওই হামলায় ২৪ জন আওয়ামী লীগ নেতা ও কর্মী মারা যান। এ হামলার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের পুরো কেন্দ্রীয় নেতৃত্বকে হত্যা করা। বিবৃতিতে তিনি বিভিন্ন হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টার এমপি, সাবেক সাংসদ মমতাজউদ্দিন, অ্যাড. মঞ্জুরুল ইসলাম ও অন্যান্য নেতা-কর্মীর নিহত হওয়ার ঘটনা উল্লেখ করেন।
তিনি বলেন, কারও জীবনই এ সরকারের আমলে নিরাপদ নয়। সরকারের দুর্নীতি, দলীয়করণ ও মানবাধিকার লংঘনের ঘটনায় বর্হিবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করে এদেশে ভোট চুরির নির্বাচন চালু করে বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভানেত্রী। তিনি জানান, জিয়া ১৯৭৭ সালে ‘হ্যা-না’ ভোট করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে নিজের পক্ষে শতকরা ৯৯ ভাগ ভোট নিয়ে নেয়।
একই ধারাবাহিকতায় খালেদা জিয়া ২০০১ সালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক ইমলামী গোষ্ঠীর মদদদাতা জামাত-শিবিরকে সাথে নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত, প্রহসন ও নির্বাচনী কারচুপির মাধ্যমে ক্ষমতা দখল করে। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করে বলে তিনি অভিযোগ করেন।
