২৬ মার্চ বিকেল ৩ টায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে আওয়ামী লীগের স্বাধীনতা মিছিল শুরু
২৬ মার্চ অনুষ্ঠেয় মিছিলসহ স্বাধীনতা দিবসের কর্মসূচির প্রস্তুতি চুড়ান্ত করতে শুক্রবার আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা দলের ঢাকা মহানগর কমিটি এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে জরুরি সভায় মিলিত হন।
সভায় ২৬ মার্চ বিকেল ৩ টায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে অনুষ্ঠেয় স্বাধীনতা মিছিল সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
দলের ধানমণ্ডিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান।
সাধারণ সম্পাদক আব্দুল জলিল ছাড়াও প্রেসিডিয়াম সদস্য বেগম সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, ড. মহিউদ্দিন খান আলমগীর, কাজী জাফরুল্লাহসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন।
সভায় বঙ্গবন্ধুর সেজ বোন আমেনা সেরনিয়াবাতের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও মোনাজাত করা হয়।
