সাবের চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করবেন মির্জা আব্বাস
মতিঝিল-সবুজবাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য, পূর্তমন্ত্রী মির্জা আব্বাস খিলগাঁও ফ্লাইওভার সম্পর্কিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে ২৭ জানুয়ারি সংবাদ সম্মেলন করবেন।
স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়াও এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে সূত্র জানায়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ এলজিইডি এ ফ্লাইওভার প্রকল্পের কাজ তদারক ও বাস্তবায়ন করেছে।
পূর্তমন্ত্রী মির্জা আব্বাস বিডিনিউজকে বলেন, সাবের চৌধুরীর বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। আওয়ামী লীগ একটি ‘মিথ্যাবাদী’ দল। ওই দলে যে যায়, সেই মিথ্যাবাদী হয়ে যায়।
তিনি বলেন, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই এলাকার যানজট নিরসনে বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়।
পূর্তমন্ত্রী দাবি করেন, এ ফ্লাইওভারটি বর্তমান সরকার আমলেই প্রকল্প গ্রহন করে বাস্তবায়ন করা হয়। আওয়ামী লীগ যা করেছিল, তা ছিল ‘ধাপ্পাবাজি’ ও ‘লোক দেখানো’।
তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্যই সাবের চৌধুরী এ বক্তব্য দিয়েছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের এ মিথ্যা অপপ্রচারের বিষয়টি জনসম্মুখে তুলে ধরা হবে।
এদিকে এলজিইডি’র প্রধান প্রকৌশলী শহিদুল হাসান, সাবের হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিডিনিউজকে বলেন, আওয়ামী লীগ আমলে ফ্লাইওভারটির ভুল নকশা তৈরি করার কারণেই আমাদের নকশায় পরিবর্তন আনতে হয়েছে।
