এসসিবিএ’র ভোটার লিস্ট চ্যালেঞ্জ করে রিট, রোকনুদ্দিনের প্রতিবাদ
সুপ্রিম কোর্ট বার এসেসিয়েশন নির্বাচনের মাত্র ৬ দিন বাকি থাকতে মঙ্গলবার ৪৯৩ জন আইনজীবির একাধিক বার এসোসিয়েশনে ভোটার হওয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়।
নির্বাচনের আগে এ ধরনের রিট পিটিশন দায়ের করায় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ প্রতিবাদ জানিয়েছেন।
জাতীয়তাবাদী প্যানেলের কার্যকারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এ্যডভোকেট খালেকুজ্জামান এ রিট পিটিশনটি দায়ের করেন।
বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি এএফএম আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আসন্ন নির্বাচন অনুষ্ঠানের জন্য কেন সুপ্রিম কোর্ট বারের ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেয়্ াহবে না- এইমর্মে কারণ দর্শানোর জন্য বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও সচিব এবং সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদকের বিরুদ্ধে রুল জারি করেন।
আগামী তিন দিনের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।
আগামী ২৮ মার্চ এই রুলের শুনানির দিন ধার্য্য করা হয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিল(সংশোধন) আইন- ২০০৩ অনুযায়ী একজন আইনজীবি একাধিক বারের ভোটার হতে পারবেন না।
এ্যাডভোকেট মাহবুব উদ্দিন আহমেদ আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন।
আগামী ২৯ ও ৩০ মার্চ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের কার্যকরি পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এসসিবিএ’র বর্তমান সভাপতি ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ বলেন, নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের ভরাডুবির আশংকায় এ্যডভোকেট খালেকুজ্জামান নির্বাচনকে বানচাল করার জন্য রিট পিটিশনটি দায়ের করেছেন।
তিনি বলেন, এসসিবিএ’র নির্বাচনে ৪৯৩ জন ভোটার যাতে সঠিক সময়ে ভোট দিতে পারেন সে জন্য আমরা আইনি লড়াই চালিয়ে যাব।
