এফবিআই প্রতিনিধি সম্পর্কে সরকারি কর্মকর্তারা মুখ খুলতে নারাজ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঢাকায় অবস্থানরত মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র বিশেষ প্রতিনিধি সম্পর্কে মৌনতা অবলম্বনের পথ নিয়েছেন।
তারা জানান, এফবিআইয়ের প্রতিনিধি ট্রুং ভু শনিবার ঢাকায় পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সাথে তার কার্যপরিধি নিয়ে আলোচনা করেন এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেন।
ওই হত্যা মামলায় রোববার ১০ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিলের মাত্র ঘন্টা কয়েকের মধ্যেই এফবিআই প্রতিনিধি ঢাকায় পৌঁছান।
সূত্র জানায়, শীর্ষস্থানীয় কয়েকটি গোয়েন্দা সংস্থার সাথে ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিআইডি কার্যালয়ে এফবিআই প্রতিনিধির আলোচনা হয়েছে।
তবে ওই আলোচনার ব্যাপারে কোনও কর্মকর্তাই মুখ খুলছেন না।
সিআইডি প্রধান শামসুল ইসলাম এফবিআই প্রতিনিধির সাথে তাদের বৈঠকের কথা বিডিনিউজ-এর কাছে স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।
শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে এফবিআই’র কর্মকাণ্ডের ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান।
এদিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্তে সাম্প্রতিক অগ্রগতির পর এফবিআই’র বিশেষ এজেন্ট ট্রুং ভু বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সাথে আলোচনা করতে ঢাকায় পৌঁছেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে অংশগ্রহণের পথ কি হতে পারে সে নিয়ে আলোচনা করতেই ভু কে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।
এতে আরো বলা হয়, তদন্তের নতুন অগ্রগতি বিশেষ করে আট সন্দেহভাজনের গ্রেফতারের ঘটনা পর্যালোচনা করে দেখবেন ভু । তবে তদন্তের পূর্ণাঙ্গ দায়িত্ব বাংলাদেশ সরকারের হাতেই থাকবে।
