২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

আওয়ামী লীগ সম্পর্কে জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ আয়োজিত এক সমাবেশে তিনি বলেন জয় ও আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার জন্য সরকার সংবাদ সংস্থা বাসসের মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জীর সাথে জয়ের বৈঠকের একটি মিথ্যা ও কাল্পনিক সংবাদ পরিবেশন করে।

জলিল বলেন এ ধরনের মিথ্যা খবর পরিবেশনের জন্য বাসসের বিরুদ্ধে মামলা করা হবে।

রাজধানীর বিভিন্ন সড়ক থেকে রিক্সা উচ্ছেদের প্রতিবাদে ব্যাপক সংখ্যক রিক্সা-ভ্যান চালক ও মালিক ওই সমাবেশে অংশ নেয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরকারের রিক্সা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে  রিক্সা-ভ্যান শ্রমিক ও মালিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বলেন, “বিকল্প কর্মসংস্থান না করে রাজধানী থেকে আর কোন রিক্সা উচ্ছেদ করা যাবে না।”

সমাবেশে রিক্সা-ভ্যান শ্রমিক-মালিকরা সাত দফা দাবি তুলে ধরেন। তারা সরকারের বিরুদ্ধে রিক্সা চুরির অভিযোগ আনেন এবং সেগুলো ঢাকার বাইরের সংসদ সদস্যদের মাঝে বিতরণ করা হয় বলে জানান। সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র।