ইরাক দখলের দুই বছর পূর্তিতে বাম দলগুলোর সাম্রাজ্যবাদ বিরোধী কর্মসূচি পালন
বাংলাদেশের বাম দলগুলো রোববার বিভিন্ন প্রতিবাদ কর্মসূচীর মধ্য দিয়ে ইরাকে ইঙ্গ-মার্কিন দখলদারিত্বের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে।
তারা ইরাক থেকে দ্রুত মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর প্রত্যাহার দাবি করেছে। এ ছাড়া ইরাকের নবনির্বাচিত সরকারকে তারা “মার্কিনিদের দালাল” আখ্যা দিয়ে একে স্বীকৃতি না দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়।
১১ দল, বাসদ (খালেকুজ্জামান), ৫ বাম দল, বাসদ ও কমিউনিস্ট ইউনিয়নসহ অনেকগুলো বামপন্থী রাজনৈতিক দল এবং সংগঠন মানব বন্ধন, সভা-সমাবেশ ও মিছিলের মাধ্যমে ইরাকে দখলদার বাহিনীর বিরুদ্ধে চলমান প্রতিরোধ যুদ্ধের প্রতি সমর্থন ব্যক্ত করে।
সারা দেশের সকল জেলা-উপজেলায় মানব^ বন্ধন কর্মসূচীর অংশ হিসেবে ১১ দল ঢাকার মুক্তাঙ্গনে মানব বন্ধন করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুদ্ধবিরোধী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে ১১ দলের কর্মীরা এতে যোগ দেয়।
মানব বন্ধন শেষে অনুষ্ঠিত এক সমাবেশে ১১ দলীয় জোটের আহ্বায়ক নূরুল ইসলাম বলেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে।
সত্তরের দশকে ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের উদাহরণ টেনে তিনি বলেন, ইরাক বা অন্য কোথাও আরেকটি ভিয়েতনাম বানানোর সুযোগ সাম্রাজ্যবাদী শক্তিকে দেওয়া হবে না।
মানব বন্ধনে মুজাহিদুল ইসলাম সেলিম, আলহাজ্ব আজিজুল হক, সাজ্জাদ জহির চন্দন, রুহিন হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) একই দাবিতে বিক্ষোভ মিছিল ও জিপিও-র পাশে সমাবেশ করে। সমাবেশে দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান বলেন, দেশের সম্পদ লুট করার সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দাঁড়াতে হবে।
তিনি ইরাক থেকে দ্রুত মার্কিন বাহিনীর অপসারণ দাবি করেন।
এছাড়াও ৫ বাম দল, কমিউনিস্ট ইউনিয়ন, তেল-গ্যাস লুন্ঠন প্রতিরোধ ছাত্র-যুব আন্দোলনসহ আরও বেশ কয়েকটি বামপন্থী সংগঠন ইরাকে মার্কিন দখলদারিত্বের দ্বিতীয় বার্ষিকীতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী পালন করে।
