ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে: তারেক রহমানের প্রতি ইউনিয়ন নেতাদের দাবি
আত্মীয় স্বজনদের বাদ দিয়ে মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরা।
রোববার পাবনা স্টেডিয়ামে পাবনা ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা সভার মূখ্য সঞ্চালক তারেক রহমানের কাছে এ দাবি জানান।
তারা বলেন, থানার নেতারা ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ না রেখে নিকট আত্মীয় স্বজনদের প্রতি নজর দিচ্ছেন।
প্রতিনিধিরা এলাকার রাস্তাঘাট উন্নয়ন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, র্যাবের কার্যক্রম অব্যাহত রাখারও দাবি জানান।
সভায় সভাপতির বক্তব্যে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেন, দলের ও সরকারের ভাল কাজগুলো লিফলেট, সভা-সমাবেশ, উঠান বৈঠক ও পারিবারিক আলাপ-আলোচনার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষকে জানাতে হবে।
তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ের প্রতিটি নেতাকে আস্থার প্রতীকে পরিনত হতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজমুল হুদা আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের চরম ব্যর্থতার কারণেই বিএনপির জন্ম। বিএনপি সরকারের উন্নয়ন দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। তাই সব সময় আওয়ামী লীগ দেশের গোটা পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু এমপি, ভূমি উপমন্ত্রী এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বানিজ্য প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, বানিজ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু প্রমুখ।
