২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে কিবরিয়া হত্যা মামলার চার্জশীট দাখিল, আসামীরা বিএনপি’র নেতাকর্মী

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া এমপিসহ আওয়ামী লীগের পাঁচ জন হত্যাকাণ্ডের ঘটনায় ৪৫ দিনের তদন্ত শেষে ১০ জনকে আসামী করে চার্জশীট দাখিল করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সিআইডি’র সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান রোববার হবিগঞ্জের আদালতে এ চার্জশীট দাখিল করেন। চার্জশিটভূক্ত আসামীরা সকলেই বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

এএসপি মুন্সী আতিক বিডিনিউজকে জানান, এর মধ্যে কাজল মিয়া ও মহিবুর রহমান ছাড়া বাকী আটজন আসামীকে পুলিশ এরই মধ্যে গ্রেফতার করেছে।

চার্জশীটে অভিযুক্তরা হচ্ছে: শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি একেএম কাইয়ুম, পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহেদ আলী, সাবেক ছাত্রদল নেতা তাজুল ইসলাম, বিএনপি’র কাজল মিয়া, মহিবুর রহমান, জয়নাল আবেদীন জালাল, জমির আলী ও আয়াত আলী, জিয়া পরিষদের নেতা জয়নাল আবেদীন মমিন এবং জেলা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক সেলিম আহমেদ।

গত ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড বিস্ফোরণে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য কিবরিয়াসহ পাঁচ জন নিহত হন।

পরদিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সিআইডি’র এএসপি মুন্সি আতিকুর রহমানকে মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।